মাত্র ১৬ ঘণ্টায় সাড়া ফেলেছে প্রীতমের ‘সেকেন্ড নায়ক’
ছবি: সংগৃহীত
০৫:৩৩ পিএম | ০১ মে, ২০২৬
গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান বরাবরই নতুন কিছু উপহার দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। এবার তিনি হাজির হলেন এক বিরহী ‘সেকেন্ড নায়ক’-এর রূপ নিয়ে। গতকাল (বৃহস্পতিবার) মুক্তি পেয়েছে প্রীতমের নতুন গান ‘সেকেন্ড নায়ক’-এর মিউজিক ভিডিও। মুক্তির মাত্র ১৬ ঘণ্টায় দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে গানটি।
গানটির মাধ্যমে প্রীতম যেন এক নতুন সিনেমাটিক ইউনিভার্স তৈরির আভাস দিলেন। আর এই মিউজিক ভিডিওটির সৃজনশীল নির্দেশনা ও কনসেপ্ট তৈরি করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। গানের গল্প যৌথভাবে লিখেছেন নুহাশ ও প্রীতম।

ভিডিওতে দেখা যায়, প্রীতম তার প্রিয়তমার জীবনে এক ‘সেকেন্ড লিড’ বা দ্বিতীয় নায়ক হিসেবে অবিরত অবহেলিত হচ্ছেন। এই মিউজিক ভিডিওর অন্যতম আকর্ষণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। ভিডিওতে তার উপস্থিতি ও সাবলীল অভিনয় দর্শকদের বাড়তি নজর কেড়েছে। এতে মালাইকার বিপরীতে ‘প্রথম নায়ক’ হিসেবে অভিনয় করেছেন মীর রাব্বী। ভিডিওটি পরিচালনা করেছেন মনজুর অনিক।
‘সেকেন্ড নায়ক’-এর পুরো ভিডিওতে এক ধরণের ক্ল্যাসিক সিনেমার নস্টালজিয়া কাজ করেছে। এতে মহানায়ক উত্তম কুমারের সোনালী যুগের সিনেমা ‘দেয়া নেয়া’ এবং আধুনিক যুগের জনপ্রিয় ছবি ‘মনপুরা’র কিছু চমৎকার সিনেম্যাটিক মুহূর্তের অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন দর্শক। গানের মূল ভাব ফুটে উঠেছে একটি লাইনেৎ ‘আমি তোমার জীবনের সেকেন্ড নায়ক নাকি ভিলেন’। ভিডিওজুড়ে প্রীতমকে দেখা গেছে কখনো সিএনজি চালক, মাঝি, কখনো ট্রাক চালক আবার এয়ার পাইলটের মতো নানা বিচিত্র চরিত্রে; যেখানে প্রতিটি রূপেই তিনি প্রিয়তমার জন্য এক বুক ভালোবাসা আর দীর্ঘশ্বাস নিয়ে অপেক্ষা করেন।

ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্যে প্রীতম ও নুহাশ জুটির এই কাজের ভূয়সী প্রশংসা লক্ষ্য করা গেছে। কেউ একে ‘বাংলাদেশি শিল্পীদের মধ্যে এখন পর্যন্ত সেরা মিউজিক ভিডিও’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন প্রীতম আবারও তার চেনা ছন্দে ফিরেছেন। মালাইকা চৌধুরীর পর্দা উপস্থিতি নিয়েও অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া ভিডিওর শেষ দৃশ্যে দর্শকদের জন্য ছিল বড় এক টুইস্ট। সেখানে একটি নোটে ‘খোকা ২.০’ আসার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা প্রীতমের পুরনো জনপ্রিয় গানের এই সিক্যুয়ালের আভাস যেন মুহূর্তেই উত্তাপ বাড়িয়ে দিয়েছে ভক্তদের মনে।
গানটির মিউজিক প্রোডাকশন ও কম্পোজিশন করেছেন প্রীতম নিজেই। এই কাজটির এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন সমরেশ মুখার্জি। সব মিলিয়ে ‘সেকেন্ড নায়ক’ বর্তমান সময়ের একঘেয়ে গানের ভিড়ে দর্শক-শ্রোতাদের মাঝে আলাদা একটি মাত্রা এনে দিয়েছে।
পিআর/টিএ