প্রকাশ পেল লেডি গাগার নতুন গান ‘রানওয়ে’
ছবি: সংগৃহীত
০৫:৪৭ পিএম | ০১ মে, ২০২৬
প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষা, অগণিত ভক্তের আকুল আবেদন আর রূপালি পর্দার সেই চিরচেনা আভিজাত্যের মিশেলে অবশেষে ফিরছে হলিউডের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ এর সিক্যুয়েল। তবে এবার কেবল অভিনয় নয়, সিনেমার আবহকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে হাজির হলেন পপ ডিভা লেডি গাগা ও উদীয়মান র্যাপার ডোচি।
গত সোমবার (২৫ এপ্রিল) মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল সাউন্ডট্র্যাকের প্রথম গান ‘রানওয়ে’, যা প্রকাশের পরপরই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন প্যারিস গোয়েবেল। ভিডিওতে ফ্যাশন জগতের জৌলুস ও আধিপত্য কেন্দ্র করেই তৈরি করা হয়েছে নানা চিত্র।

শুরুতেই গাগা ও ডোচিকে বড় আকৃতির লাল ব্লেজার ও টাই পরা অবস্থায় দেখা যায়।
পরে তারা হাজির হন আঠারো শতকের বলগাউন ও নাটকীয় মেকআপে, যা সিনেমার ফ্যাশননির্ভর গল্পের আবহকে আরও স্পষ্ট করে তোলে। গানের কথাতেও আত্মবিশ্বাসী এক বার্তা উঠে এসেছে যেন রানওয়ের জন্যই তাদের জন্ম।
গানের ভিডিওর একটি দৃশ্যে গাগা ও ডোচিকে ‘রানওয়ে’ নামের একটি ম্যাগাজিন পড়তে দেখা যায়, যার প্রচ্ছদে রয়েছে ‘এমিলি চার্লটন’ চরিত্রে অভিনয় করা এমিলি ব্লান্ট। দৃশ্যটি পুরোনো সিনেমার স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয় ভক্তদের।
গানটি তৈরিতে গাগার সঙ্গে কাজ করেছেন ব্রুনোসহ কয়েকজন খ্যাতিমান প্রযোজক। এটি গাগা ও ডোচির প্রথম যৌথ কাজ।
পিআর/টিএ