© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানের ‘মাতৃভূমি’ পেছাতেই মোদিকে কটাক্ষ ধ্রুব রাঠির!

শেয়ার করুন:
সালমানের ‘মাতৃভূমি’ পেছাতেই মোদিকে কটাক্ষ ধ্রুব রাঠির!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ০১ মে, ২০২৬
বলিউডের বহুল আলোচিত দেশাত্মবোধক ছবি মাতৃভূমি মুক্তির আগেই জটিলতায় জড়িয়ে পড়েছে। সালমান খান অভিনীত এই ছবিকে ঘিরে একের পর এক বিতর্কের মাঝেই এবার নতুন করে শুরু হয়েছে আলোচনা, যখন ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার খবর সামনে এসেছে।

সূত্রের দাবি, ছবির কাহিনিতে গালওয়ান সংঘাত এবং চিনবিরোধী প্রেক্ষাপট থাকায় আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এর জেরে ছবির একাধিক দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ছবির নতুন সংস্করণ তৈরি করতে গিয়ে প্রায় বড় অংশ পুনরায় ধারণও করতে হয়েছে নির্মাতাদের। ফলে নির্ধারিত সময়ে মুক্তি আর সম্ভব হয়নি।

প্রথমে শোনা গিয়েছিল, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শিল্পীর আকস্মিক প্রয়াণের কারণেই শুটিং থমকে গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, মূলত বিষয়বস্তুকে ঘিরে আপত্তির কারণেই ছবির কাজ নতুন করে করতে হয়েছে। এমনকি নতুন সংস্করণে চিনের প্রসঙ্গ সম্পূর্ণভাবে বাদ দিয়ে অন্য উপাদান যোগ করা হয়েছে বলেও খবর।

এই পরিস্থিতিতেই সরব হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি সামাজিক মাধ্যমে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তাঁর দাবি, চিনবিরোধী কোনও ছবি মুক্তির ক্ষেত্রেও এত সতর্কতা দেখানো হচ্ছে, যা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন।



অন্যদিকে, ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন গালওয়ান সংঘাতে নেতৃত্ব দেওয়া এক সেনা অফিসার, যার চরিত্রে দেখা যাবে সলমন খানকে। এই চরিত্রের জন্য শারীরিক প্রস্তুতি থেকে শুরু করে নানা প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেতা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিশ্রমের ফল কবে দর্শকের সামনে আসবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, একটি দেশাত্মবোধক ছবিকে ঘিরে কূটনৈতিক সমীকরণ, নির্মাণগত পরিবর্তন এবং রাজনৈতিক প্রতিক্রিয়াসবকিছু মিলে ‘মাতৃভূমি’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবিটি আদৌ কবে মুক্তি পাবে, তা নিয়েই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনোদন মহলে।

পিআর/টিএ

মন্তব্য করুন