© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ বছরের ক্যারিয়ারে এত বেশি সাড়া কখনো পাইনি : ইরফান সাজ্জাদ

শেয়ার করুন:
১২ বছরের ক্যারিয়ারে এত বেশি সাড়া কখনো পাইনি : ইরফান সাজ্জাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ০১ মে, ২০২৬
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক “এটা আমাদেরই গল্প”। পারিবারিক আবেগনির্ভর এই নাটকটি শুরু থেকেই দর্শকের আগ্রহ কাড়লেও ৪৯ ও ৫০তম পর্ব প্রচারের পর তা নিয়ে আলোচনা আরও তীব্র আকার ধারণ করেছে। দর্শকের প্রতিক্রিয়া যেমন উচ্ছ্বাসে ভরপুর, তেমনি আবেগঘন মুহূর্তে অনেকেই নাটকটির প্রশংসায়ও ভাসাচ্ছেন পুরো টিমকে।

নাটকের অন্যতম প্রধান চরিত্র ফাহাদকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনা। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। দর্শকের আবেগ, ভালোবাসা এবং প্রশংসায় তিনি এখন অভিনয় জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাটকের সাম্প্রতিক পর্ব দুটি প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অভিনেতা নিজেও।



ইরফান সাজ্জাদ বলেন, পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ সবসময়ই থাকে। ভালো গল্প ও নির্মাণ হলে তা দর্শক গ্রহণ করেন। তবে এই নাটকটি এতটা ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে এবং এমন আবেগঘন প্রতিক্রিয়া তৈরি করবে, তা কেউই কল্পনা করেননি। তিনি জানান, ৪৯তম পর্বের একটি দৃশ্য এবং ৫০তম পর্বের আবেগঘন উপস্থাপনা দর্শককে গভীরভাবে নাড়া দিয়েছে। অনেকেই কাঁদতে কাঁদতে নাটকটি দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেতা আরও জানান, দীর্ঘ বারো বছরের অভিনয় জীবনে অনেক চরিত্রে কাজ করলেও ফাহাদ চরিত্রের জন্য যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা তার কাছে অভাবনীয়। দর্শকের এমন সাড়া তাকে মানসিকভাবে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। যারা আগে তার কাজ দেখেননি, তারাও এখন তার অভিনয়ের প্রশংসা করছেন বলে জানান তিনি।

নাটকটি নিয়ে নির্মাতা থেকে শুরু করে সহকর্মী শিল্পীদের মধ্যেও ব্যাপক প্রশংসা পাওয়া যাচ্ছে বলে জানান ইরফান সাজ্জাদ। তার ভাষায়, তারিন জাহান, ওয়াহিদ আনাম, শিহাব শাহীন, অপূর্ব, ইন্তেখাব দিনার, মেহজাবীন চৌধুরীসহ অনেকেই সরাসরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয়ের প্রশংসা করেছেন। সহকর্মীদের এই উৎসাহ তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, সহশিল্পীদের কাছ থেকে পাওয়া প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশেষ করে অপূর্বের ফোন কল তার কাছে বিশেষ অনুপ্রেরণার মতো কাজ করেছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজও তাকে জানিয়েছেন,  ‘ইরফান, তোমার যা পাওয়ার পেয়ে গেছো। তোমার জীবনের সেরা অভিনয় করে ফেলেছো। তোমার আর অভিনয় করার দরকার নেই, অভিনয় ছেড়ে দাও’।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অভিনেতা জানান, সামনে ঈদুল আজহাকে ঘিরে নতুন নাটকের কাজ রয়েছে। তবে ভবিষ্যতে কাজের বিষয়ে তিনি আরও বেছে বেছে সিদ্ধান্ত নেবেন বলেও ইঙ্গিত দেন। দর্শকের ভালোবাসা ধরে রাখাই এখন তার প্রধান লক্ষ্য।

পিআর/টিএ

মন্তব্য করুন