নাট্যাঙ্গনের প্রিয় মুখ অপি করিমের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ০১ মে, ২০২৬
নাট্যাঙ্গন, মঞ্চ ও টেলিভিশন সবখানেই নিজের প্রতিভা, সৌন্দর্য ও স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অপি করিম। অভিনয়, নৃত্য, উপস্থাপনা ও মডেলিং বিনোদনের নানা শাখায় সমান দক্ষতায় তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল নাম। বিশেষ করে মঞ্চনাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের “রক্তকরবী” নাটকে নন্দিনী চরিত্রে তার অভিনয় আজও দর্শক ও সমালোচকদের কাছে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
আজ ১ মে, এই জনপ্রিয় ও গুণী শিল্পীর জন্মদিন। ১৯৭৯ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন অপি করিম, পুরো নাম তুহিন আরা অপি করিম। শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। পড়াশোনার দিক থেকেও ছিলেন সফল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। তবে শিক্ষাজীবনের পাশাপাশি তার মনোযোগ ছিল শিল্পচর্চার দিকেই।

মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের “সকাল সন্ধ্যা” নাটকে পারুলী চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার দর্শকের নজরে আসেন অপি করিম। এরপর “শুকতারা” ও “আপনজন” সহ একাধিক ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে কাজ করে তিনি নিজের প্রতিভার পরিচয় দেন। ছোটবেলা থেকেই অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে তার আলাদা পরিচিতি।
পরবর্তীতে ১৯৯৯ সালে টেলিফিল্ম “তেপান্তরের রূপকথা”-র মাধ্যমে মূলধারার অভিনয়ে প্রবেশ করেন তিনি। এরপর ২০০০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে মডেলিং ও বিনোদন জগতে নতুন অধ্যায়ের সূচনা করেন অপি করিম। এই প্রতিযোগিতার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং তিনি হয়ে ওঠেন সময়ের অন্যতম আলোচিত ও প্রিয় মুখ।
দীর্ঘ ক্যারিয়ারে অপি করিম শুধু একজন অভিনেত্রী নন, বরং সংস্কৃতি অঙ্গনের এক বহুমাত্রিক প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার জন্মদিনে সহকর্মী ও ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও ভালোবাসার ঢল নেমেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পিআর/টিএ