পরিচালকের বিরুদ্ধে মানহানি ও হেনস্থার অভিযোগে আইনি পদক্ষেপ মোনালিসার
ছবি: সংগৃহীত
০৫:৪৮ এএম | ০২ মে, ২০২৬
ভিন্ধর্মে বিয়ে করার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোনালিসা ভোসল। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া মহারাষ্ট্রের যুবক ফরমান খান-কে বিয়ে করার পর থেকেই একের পর এক বিতর্ক ঘিরে ধরেছে তাঁকে। পরিবার দাবি করেছিল, মোনালিসা এখনও প্রাপ্তবয়স্ক নন। সেই অভিযোগ ঘিরে শুরু হয় আইনি জটিলতা। এর মধ্যেই নতুন করে আলোচনায় আসে আরও এক চাঞ্চল্যকর দাবি—মোনালিসা অন্তঃসত্ত্বা বলে জানান তাঁর স্বামী।
এই পরিস্থিতির মধ্যেই বড় পদক্ষেপ নিলেন মোনালিসা। নিজের ছবির পরিচালক সনোজ মিশ্র, বিশ্ব হিন্দু পরিষদ-এর এক নেতা এবং এক আইনজীবীর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগ, শারীরিক হেনস্থা ও মানহানির শিকার হয়েছেন তিনি।
বিয়ের পরপরই মোনালিসার মা অভিযোগ করেছিলেন, ভুয়ো জন্মসনদ ব্যবহার করে মেয়েকে বিয়ে করেছেন ফরমান। সেই অভিযোগের ভিত্তিতে ফরমানের বিরুদ্ধেও পকসো আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে মোনালিসাকে তলব করলেও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সে সময় থানায় হাজিরা দিতে পারেননি বলে জানানো হয়।

এরই মধ্যে কোচিতে এক সাংবাদিক বৈঠকে মোনালিসা গুরুতর অভিযোগ তোলেন পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে। তাঁর দাবি, একাধিকবার তাঁকে অশালীনভাবে স্পর্শ করা হয়েছে। শুধু তাই নয়, শুটিং চলাকালীনও একই ধরনের আচরণের মুখে পড়তে হয়েছে তাঁকে। মোনালিসা জানান, বিষয়টি পরিবারকে জানালেও তিনি সমর্থন পাননি।
এছাড়াও এক আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মানহানি করার অভিযোগ তুলেছেন তিনি। সব মিলিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নিয়েছেন মোনালিসা।
সম্প্রতি তিনি আদালতে হাজিরা দিয়ে নিজের জবানবন্দিও রেকর্ড করিয়েছেন। যদিও বর্তমানে তিনি কেরলে অবস্থান করছেন। সূত্রের খবর, অভিযোগের ঘটনাস্থল মধ্যপ্রদেশ হওয়ায় মামলাটি সে রাজ্যের পুলিশের হাতে হস্তান্তর করা হতে পারে। তবে বিশ্ব হিন্দু পরিষদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ, সেই নাম এখনও প্রকাশ্যে আনেননি মোনালিসা।
ঘটনার ঘনঘটায় মোনালিসার ব্যক্তিগত জীবন এখন সম্পূর্ণভাবে আলোচনার কেন্দ্রে। একের পর এক নতুন মোড়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর রয়েছে সবার।
আইকে/টিএ