© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংলাপ ঘিরে মামলা, ১৬ বছর পরে আইনি জট থেকে মুক্তি ভারতী সিংয়ের!

শেয়ার করুন:
সংলাপ ঘিরে মামলা, ১৬ বছর পরে আইনি জট থেকে মুক্তি ভারতী সিংয়ের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ এএম | ০২ মে, ২০২৬
দীর্ঘ ১৬ বছর পর আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং। ২০১০ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে বলা একটি সংলাপকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছিল, অবশেষে সেটিই খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।

ঘটনার সূত্রপাত সেই সময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি সার্কাস কা জাদু’ থেকে। ওই অনুষ্ঠানের একটি পর্বে ভারতী সিং এবং উপস্থাপক শেখর সুমন একটি সংলাপ বলেছিলেন, যেখানে কিছু খাদ্যের নাম উচ্চারণ করা হয়। কিন্তু সেই সংলাপ নিয়েই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, ওই বক্তব্য নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় ভারতী ও শেখরের বিরুদ্ধে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই মামলাটি অবশেষে আদালতে নিষ্পত্তির মুখ দেখে।

শুনানির সময় আদালত স্পষ্ট জানায়, কোনো বক্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে বিচার করা ঠিক নয়। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, শুধুমাত্র কারও ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করা মানেই তা আইনগত অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। একটি বিনোদনমূলক অনুষ্ঠানে ব্যবহৃত সংলাপকে ধর্মীয় আঘাত হিসেবে প্রমাণ করতে হলে আরও সুস্পষ্ট উদ্দেশ্য ও প্রমাণ থাকা প্রয়োজন।



আদালত আরও উল্লেখ করে, শুধুমাত্র খাবারের নাম উচ্চারণ করাই কোনো ধর্মের প্রতি আক্রমণ হিসেবে ধরা যায় না। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দর্শকদের হাসানো, এবং সেই হাসির আবহ তৈরি করতেই ওই শব্দগুলো ব্যবহার করা হয়েছিল।

সবদিক বিবেচনা করেই আদালত শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেয়। এর ফলে প্রায় দেড় দশক ধরে চলা আইনি অনিশ্চয়তা থেকে মুক্তি পান ভারতী সিং ও শেখর সুমন।

পিআর/এসএন

মন্তব্য করুন