© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ভূত বাংলা’ থেকে টাবুর দৃশ্য বাদ, গুঞ্জনে মুখ খুললেন প্রিয়দর্শন

শেয়ার করুন:
‘ভূত বাংলা’ থেকে টাবুর দৃশ্য বাদ, গুঞ্জনে মুখ খুললেন প্রিয়দর্শন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ এএম | ০২ মে, ২০২৬
বক্স অফিসে সাফল্যের মাঝেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছিল ভূত বাংলা। গুঞ্জন ছড়িয়েছিল, ছবিতে অভিনেত্রী তাব্বু-র কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য নাকি বাদ দেওয়া হয়েছে, আর সেই সিদ্ধান্ত নাকি এসেছিল সহ-অভিনেতা অক্ষয় কুমার-এর তরফে। এমনকি এই ঘটনাকে ঘিরে দু’জনের মধ্যে মতবিরোধের কথাও উঠে আসে আলোচনায়। তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন ছবির পরিচালক প্রিয়দর্শন।

এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন স্পষ্ট করে জানান, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, ছবির সম্পাদনার পুরো দায়িত্বই তাঁর নিজের হাতে থাকে, সেখানে অন্য কারও হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। তিনি জোর দিয়ে বলেন, টাবুর কোনও দৃশ্যই বাদ দেওয়া হয়নি, শুট করা প্রতিটি অংশই ছবিতে ব্যবহার করা হয়েছে।



টাবুর অসন্তোষ নিয়ে ওঠা প্রশ্নও খারিজ করে দেন পরিচালক। তাঁর মতে, দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের কারণে যদি কোনও সমস্যা থাকত,  টাবু  সরাসরি তাঁর সঙ্গেই আলোচনা করতেন। বাস্তবে এমন কিছুই ঘটেনি বলেই দাবি করেন তিনি।

অন্যদিকে, অক্ষয় কুমারের ভূমিকা নিয়েও পরিষ্কার বক্তব্য দেন প্রিয়দর্শন। তিনি জানান, অক্ষয় কখনও সম্পাদনার কাজে হস্তক্ষেপ করেন না। বরং পরিচালক হিসেবে তাঁর দৃষ্টিভঙ্গির উপর পূর্ণ আস্থা রাখেন এবং নিজের অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন।

এই ধরনের গুজব ছড়ানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রিয়দর্শন। তাঁর মতে, একটি সফল ছবিকে ঘিরে অযথা নেতিবাচকতা তৈরি করার জন্যই এ ধরনের খবর ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিতর্কের কোনও বাস্তব ভিত্তি নেই।

উল্লেখ্য, মুক্তির পর থেকে ছবিটি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে এবং অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আয় করেছে। ছবিতে অক্ষয় কুমার ও  টাবু ছাড়াও আরও একাধিক জনপ্রিয় অভিনেতার উপস্থিতি দর্শকদের আকর্ষণ করেছে।

সব মিলিয়ে, সাফল্যের মাঝেও যে গুজব ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে এবার সরাসরি অবস্থান জানিয়ে বিতর্কে ইতি টানলেন প্রিয়দর্শন।

পিআর/এসএন

মন্তব্য করুন