স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেবলীনার
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ০২ মে, ২০২৬
চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টা ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন গায়িকা ও সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব দেবলীনা নন্দী। সেই ঘটনার কয়েক মাস পর আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলে আলোচনায় এলেন তিনি। এবার সামাজিক মাধ্যমে তার একটি দীর্ঘ আবেগঘন বার্তা ঘিরে তৈরি হয়েছে নতুন করে সহানুভূতি ও কৌতূহল।
জানা গেছে, স্বামীর সঙ্গে সম্পর্কের দূরত্ব এখন এতটাই বেড়েছে যে তারা আর একসঙ্গে থাকছেন না। এই পরিবর্তনের মধ্যেই নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করেছেন দেবলীনা, যেখানে উঠে এসেছে হারানো সম্পর্কের স্মৃতি, অভ্যাস আর শূন্যতার কথা।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জীবনের এক সময় ছিল যখন কারও জন্য ঘরে ফেরার তাড়াহুড়া থাকত, ভালো লাগা থাকত অপেক্ষায়। তখন ছোট ছোট অভ্যাসও ছিল ভালোবাসার অংশ, যা এখন আর নেই। বর্তমানে সেই আবেগ, অপেক্ষা কিংবা আগ্রহ কিছুই আর আগের মতো নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও এক জায়গায় তিনি প্রশ্ন তুলেছেন, মানুষ ভালোবেসে ফেললেও আগে কীভাবে বোঝা যায় যে সেই মানুষটি আদৌ ভালোবাসার যোগ্য কি না। তার মতে, অনেক সময় মানুষ বুঝেও ভুলকে এড়িয়ে যায়, নিজের মনকে বোঝাতে চেষ্টা করে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জীবনে অনেক খারাপ স্মৃতিকেই তিনি ভালো করার চেষ্টা করেছেন, তবে কিছু স্মৃতি যেন মুছে ফেলতে পারলেই ভালো হতো। এই কথাগুলো থেকেই স্পষ্ট, অতীতের কিছু অভিজ্ঞতা তাকে এখনো মানসিকভাবে প্রভাবিত করছে।
বর্তমানে তিনি অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্যে। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন এবং মানসিক টানাপোড়েন তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে মনে করছেন অনুরাগীরা।
সব মিলিয়ে, দেবলীনা নন্দীর এই আবেগঘন পোস্ট আবারও তার ব্যক্তিগত জীবনকে সামনে এনে দিয়েছে, যেখানে ভালোবাসা, বিচ্ছেদ ও মানসিক সংগ্রামের এক জটিল অধ্যায় উঠে এসেছে।
এসএ/টিএ