© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২-১৫ বছর বয়সী বাতিল হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

শেয়ার করুন:
১২-১৫ বছর বয়সী বাতিল হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৭ এএম | ০৪ মে, ২০২৬
১২ থেকে ১৫ বছর বয়সী যেসব হজযাত্রীর ভিসা বাতিল হয়েছিল, তাদের জন্য আবারও ভিসা জমা দেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জানানো হয়েছে, চলতি বছরের ১৮ এপ্রিল বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাওয়া শুরু হয়েছে। তবে ১২ থেকে ১৫ বছর বয়সী হজযাত্রীদের ভিসা সৌদি সরকার আগে বাতিল করেছিল।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, এসব বাতিলকৃত ভিসা আবারও জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য নুসুক মাসার সিস্টেম শিগগিরই পুনরায় চালু করা হবে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, ১২ থেকে ১৫ বছর বয়সী বাতিল হজযাত্রীদের ভিসা দ্রুত নুসুক মাসার সিস্টেমে পুনরায় সাবমিট করার জন্য।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ১১০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

অবশিষ্ট ৩৪ হাজার ৫৪৩ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান তিনি।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এসকে/টিএ

মন্তব্য করুন