© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তি পেল অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’

শেয়ার করুন:
মুক্তি পেল অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ০৫ মে, ২০২৬
দীর্ঘ এক দশকের প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর নতুন গান ‘ফেরিওয়ালা’। ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এটি তাদের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান হিসেবে যুক্ত হলো। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।

মজার বিষয় হলো, গানটি তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। ইভান জানান, ২০১৬ সালে ফেসবুকে গানটির মাত্র দুই লাইন শেয়ার করার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়। হাজার হাজার মন্তব্যে শ্রোতারা গানটি প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ সময় নিলেও অবশেষে ভক্তদের সেই আবদার পূরণ করতে পেরে উচ্ছ্বসিত ব্যান্ড সদস্যরা।



গানটির দৃশ্যধারণে রাখা হয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। রাঙামাটির মনোরম কাপ্তাই লেকের পাশাপাশি কানাডার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘ফেরিওয়ালা’-র মিউজিক ভিডিও। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে ব্যান্ডটি। বর্তমানে ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ।

তবে এবার তাদের গণ্ডি দেশের বাইরেও ছড়াচ্ছে। আগামী জুন মাসে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করার কথা রয়েছে তাদের।

বর্তমানে অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা হলেন- জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। ২০০৬ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি এর আগে ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘তুমি আয়না দেখো না’ বা ‘উড়ে যাওয়া পাখির চোখে’-র মতো কালজয়ী গানের পর ‘ফেরিওয়ালা’ও শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে ধারণা করা হচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন