© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি হেফাজত আমিরের

শেয়ার করুন:
শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি হেফাজত আমিরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ০৬ মে, ২০২৬
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত গণহত্যার বিচার দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, সেই দিনের বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বর্তমান সরকারকে।

মঙ্গলবার (৫ মে) বাদে আসর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ মে ‘শাপলা চত্বর ট্র্যাজেডি’ স্মরণে এই সভার আয়োজন করা হয়।

বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঈমানি আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। একটি শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে যে নৃশংসতা চালানো হয়েছিল, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিগত সরকার এই ঘটনার প্রকৃত সত্য আড়াল করে রেখেছে। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বিগত অন্তর্বর্তী সরকার ৫ মে আলেম হত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন এবং বিএনপি সরকার ৫ মে’কে রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারকার্য সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুফতি হারুন আজিজির সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক শেখ শাহজাহান ইসলামাবাদী, মুফতি শওকত বিন হানিফসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনাসভা শেষে ৫ মে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন