মমতার অভিযোগের উত্তর দিল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ০৬ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে সদ্যঃসমাপ্ত নির্বাচনে ভোট গণনা শেষে ফল প্রকাশিত হলেও বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি। উল্টো তার অভিযোগ-নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত ১০০টি আসন তাদের কাছ থেকে লুট করে নিয়েছে।
মমতার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেছেন, ‘ভোট গণনায় কোনো অনিয়ম হয়নি। মমতার অভিযোগ মনগড়া, ভিত্তিহীন ।সম্পূর্ণ স্বচ্ছভাবে, নিয়ম মেনেই গণনা ও ফল প্রকাশ হয়েছে।’
তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন অফিসার রিপোর্ট দিয়েছেন বলে জানান তিনি।
মনোজ কুমার আগরওয়াল বলেন, গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ, ধাক্কাধাক্কি করে বের করে দেওয়াসহ যে একাধিক অভিযোগ মমতা তুলেছেন, সেসব তার মনগড়া বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে।
ভোটে নিজ আসন ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত সোমবার রাতে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গণনায় কারচুপির অভিযোগ তোলেন তিনি।
কেএন/এসএন