© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

শেয়ার করুন:
কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ০৬ মে, ২০২৬
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ২০৭ আসনে জয়ী হয়ে ইতিহাস গড়েছে বিজেপি। টানা ১১ বছর ক্ষমতায় থাকার পর শোচনীয়ভাবে পরাজিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস।

ভোটগ্রহণে শেষ হতে না হতেই ভারতের বাঙালি অধ্যুষিত রাজ্যটি থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।

কলকাতার ঐতিহ্যবাহী স্থাপনা নিউমার্কেটের একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ এসেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে।

আজ বুধবার ভারতের একাধিক গণমাধ্যমে এসব সহিংসতার চিত্র ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, জেলায় জেলায় তাদের একের পর এক অফিস দখল করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে।

কলকাতার নিউমার্কেটের কাছে বিজেপির বিজয় মিছিল থেকে বুলডোজার দিয়ে মাংসের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি অভিযোগ করেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল।

বিজয় মিছিলে অংশগ্রহণকারীরা সিআরপিএফের (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ) সদস্যদের উপস্থিতিতে নিউমার্কেটের একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ এসেছে।

ডেরেক নিজের পোস্টে লেখেন, 'মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে, পুলিশের অনুমতিসাপেক্ষেই, মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসাবেই তা করা হয়েছে। সিএপিএফ কাছেই দাঁড়িয়ে ছিল। আপনাদের জন্য বিজেপি। সারা দুনিয়া দেখুক এই ছবি।'

তবে ডেরেকের এসব অভিযোগ উড়িয়ে দেয় পুলিশ।

তারা জানায়, সেই বিজয় মিছিলের অনুমতি দেওয়া হলেও সঙ্গে বুলডোজার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

লোকসভার সদস্য মহুয়া মৈত্র এই ঘটনার ভিডিও শেয়ার করেন এক্সে। 

এসকে/এসএন

মন্তব্য করুন