বিচারপতিদের নিয়ে কুৎসাহাইকোর্টের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ০৬ মে, ২০২৬
বিচারপতিদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি খোয়ানোর মুখে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়া। তার বিরুদ্ধে ফেসবুক পোস্টে অগ্রহণযোগ্য ভাষার ব্যবহার, কুৎসা রটিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই বিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাঁদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।’
এ ছাড়া তিনি ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট) এমপ্লয়িজ (শৃঙ্খলা ও আপিল) রুল ১৯৮৩-এর ২(৪) বিধি ৩ (বি) মোতাবেক গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী। এই অভিযোগ বর্ণিত বিধির ৪(১) মোতাবেক অপরাধ।
যার সর্বোচ্চ শাস্তি চাকরি হতে বরখাস্তকরণ। বিধি মোতাবেক উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্ব হতে প্রত্যাহার করে তাকে প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া বিধি ১০(১) মোতাবেক তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
আরআই/টিএ