© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘উলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার

শেয়ার করুন:
ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘উলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ এএম | ০৭ মে, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদার করতে উলবাকিয়া (Wolbachia) পদ্ধতি ব্যবহার করে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করে, যার মাধ্যমে দেশে এ প্রমাণভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।

বৈঠকে ডব্লিউএমপি-এর অ্যাডভোকেসি ও এক্সটার্নাল রিলেশনস পরিচালক ড. ক্লডিয়া সুরজাদজাজা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শুরু করার লক্ষ্যে উলবাকিয়া প্রোগ্রামের প্রস্তাবিত বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় ও ডব্লিউএমপি-এর মধ্যে এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গু মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডব্লিউএমপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। ডব্লিউএমপি বাংলাদেশে এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান এবং দাতা সংস্থার সমর্থন সংগ্রহে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এ বৈঠক ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদারে উদ্ভাবনী ও প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসন্ধানে বাংলাদেশ সরকারের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।


ইউটি/টিএ 

মন্তব্য করুন