© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রেন্টফোর্ড ম্যাচেও অনিশ্চিত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

শেয়ার করুন:
ব্রেন্টফোর্ড ম্যাচেও অনিশ্চিত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ এএম | ০৯ মে, ২০২৬
চোট কাটিয়ে উঠলেও, এখনও ম্যাচ ফিটনেস ফিরে পাননি রদ্রি। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, এখনও স্বচ্ছন্দে অনুশীলন করতে পারছেন না স্প্যানিশ মিডফিল্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে সিটি।

গত ১৯ এপ্রিল আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে রদ্রিকে তুলে নিতে বাধ্য হন গুয়ার্দিওলা। পরে পরীক্ষায় তার কুঁচকিতে চোট ধরা পড়ে।

ফলে বার্নলির বিপক্ষে ১-০ গোলে জয় ও এভারটনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে খেলতে পারেননি তিনি। এই দুই ম্যাচের মাঝে, সাউথ্যাম্পটনের বিপক্ষে এফএ কাপের সেমি-ফাইনালে ২-১ গোলে জেতা ম্যাচেও ২০২৪ সালের ব্যালন দ’র জয়ীকে পায়নি সিটি।



লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে আর্সেনালকে চাপে রাখতে সামনের ম্যাচগুলোতে সিটির সামনে জয়ের বিকল্প নেই। তবুও রদ্রিকে নিয়ে তাড়াহুড়া করবেন না গুয়ার্দিওলা। ব্রেন্টফোর্ড ম্যাচের আগের দিন সেটাই বললেন তিনি।

“সে (রদ্রি) এখনও পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তবে সে দ্রুতই প্রস্তুত হয়ে যাবে এবং পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবে। আজ (শুক্রবার) বিকাল কিংবা আগামীকাল দেখব তার কী অবস্থা।”

২০২৪ সালে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল রদ্রিকে। এই মৌসুমেও হাঁটু ও হ্যামস্ট্রিংয়ে একাধিক চোটের শিকার হয়েছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা সিটি ৭১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

এমআর/টিএ  

মন্তব্য করুন