© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতিতে যোগ দিচ্ছেন দিলজিৎ, জল্পনায় মুখ খুললেন গায়ক

শেয়ার করুন:
রাজনীতিতে যোগ দিচ্ছেন দিলজিৎ, জল্পনায় মুখ খুললেন গায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ০৯ মে, ২০২৬
গত কয়েক দিন ধরেই পাঞ্জাবের রাজনৈতিক মহলে ঘুরছিল একটাই জল্পনা। জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ কি এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক আড্ডা সর্বত্রই এই আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজেই মুখ খুলে সমস্ত জল্পনায় ইতি টানলেন এই শিল্পী।

সম্প্রতি সমাজকর্মী, প্রাক্তন সেনাকর্তা এবং অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের একটি গোষ্ঠী প্রকাশ্যে পাঞ্জাবের নেতৃত্বে দিলজিৎকে দেখতে চাওয়ার কথা জানায়। তাঁদের দাবি ছিল, দীর্ঘদিন ধরে নানা আর্থিক ও সামাজিক সমস্যার মধ্যে থাকা পাঞ্জাবের জন্য প্রয়োজন এমন এক জনপ্রিয় মুখ, যিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন। আর সেই কারণেই তাঁদের পছন্দের তালিকায় উঠে আসে দিলজিতের নাম।



চণ্ডীগড়ের ‘জাগো পাঞ্জাব মঞ্চ’ নামের একটি সংগঠন সংবাদপত্রে পূর্ণপাতার বিজ্ঞাপন দিয়েও দিলজিৎকে রাজনীতিতে আসার আহ্বান জানায়। বিজ্ঞাপনে বলা হয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নতুন নেতৃত্ব এবং নতুন দিশা প্রয়োজন। তাঁদের মতে, দিলজিৎ এমন একজন ব্যক্তিত্ব, যিনি মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় জোর চর্চা। অনেকের ধারণা ছিল, সমাজ এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরব দিলজিৎ হয়তো এবার সক্রিয় রাজনীতিতেই যোগ দিতে চলেছেন। বিশেষ করে বিদেশের মঞ্চে পাঞ্জাবি সংস্কৃতিকে তুলে ধরা কিংবা বিতর্কিত বিষয়েও স্পষ্ট অবস্থান নেওয়ার কারণে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিলজিৎ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, মানুষের বিনোদন দেওয়াই তাঁর কাজ এবং সেই কাজ নিয়েই তিনি সুখী। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন গায়ক-অভিনেতা।

সম্প্রতি কানাডার একটি অনুষ্ঠানে খালিস্তানপন্থী সমর্থকদের বিরুদ্ধেও সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ঘটনার পর থেকেই অনেকে মনে করেছিলেন, ভবিষ্যতে হয়তো রাজনৈতিক মঞ্চে দেখা যেতে পারে দিলজিৎকে। কিন্তু আপাতত গান আর অভিনয় নিয়েই থাকতে চান তিনি। তাঁর কথায়, শিল্পী হিসেবেই নিজের পরিচয় ধরে রাখতে চান তিনি।

পিআর/টিকে


মন্তব্য করুন