© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে স্নিগ্ধ সাজে নজর কাড়লেন তৃষা কৃষ্ণান

শেয়ার করুন:
থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে স্নিগ্ধ সাজে নজর কাড়লেন তৃষা কৃষ্ণান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ এএম | ১০ মে, ২০২৬
দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থালাপতি বিজয়। টানা কয়েক দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।



অনেকদিন ধরেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ঠিক সেই আবহেই বিজয়ের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে হাজির হতে দেখা গেল তৃষাকে। সকালেই বাড়ি থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণানও।

শপথ অনুষ্ঠানে তৃষার সাজ নজর কাড়ে সবার। নীল রঙের সিল্ক শাড়ির সঙ্গে সূক্ষ্ম কারুকাজ করা ব্লাউজ, মানানসই গয়না আর খোঁপায় জুঁই ফুল সব মিলিয়ে একেবারে ঐতিহ্যবাহী দক্ষিণী লুকে ধরা দেন তিনি। গলায় হিরে ও পান্নার হারও বিশেষভাবে নজর কেড়েছে অনুরাগীদের।



সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন তৃষা। তিনি জানান, এই বিশেষ মুহূর্তের জন্য তিনি ভীষণ উদগ্রীব। আর সেই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে আরও জোরালো হয়েছে তাদের সম্পর্কের জল্পনা।

ঘটনাচক্রে, চলতি মাসের ৪ তারিখে তৃষার জন্মদিনেই প্রকাশিত হয়েছিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় বিজয়ের দল। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী তারকা।

শপথ নেওয়ার সময় তামিল ভাষায় নিজের নাম উচ্চারণ করেন বিজয়। স্টেডিয়ামজুড়ে তখন হাততালিতে ফেটে পড়েন সমর্থকেরা। অভিনয় থেকে রাজনীতি বিজয়ের এই নতুন অধ্যায় ঘিরে এখন তুমুল উন্মাদনা দক্ষিণে।

আর সেই ঐতিহাসিক মুহূর্তে তৃষার উপস্থিতি যেন আরও বাড়িয়ে দিল আলোচনার পারদ।

পিআর/টিকে

মন্তব্য করুন