সাইনার থেকে বয়সে কত বড় সোমরাজ?
ছবি: সংগৃহীত
১২:২১ পিএম | ১০ মে, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়ের জন্মদিন ঘিরে এবার জমে উঠল টেলিপাড়ার আড্ডা। দর্শকদের প্রিয় ‘লাজু’ শনিবার পা রাখলেন ১৬ বছরে। আর সেই বিশেষ দিনেই আলোচনার কেন্দ্রে উঠে এল তাঁর সহ-অভিনেতা সোমরাজ মাইতির সঙ্গে বয়সের ফারাক।
খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন সাইনা। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর ‘কনে দেখা আলো’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

শনিবার ধুমধাম করেই মেয়ের জন্মদিনের আয়োজন করেছিলেন সাইনার মা সংযুক্তা। সেখানে হাজির ছিলেন পরিবারের সদস্য, স্কুলের বন্ধুরা এবং ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন ‘কনে দেখা আলো’-র অনুভব, অর্থাৎ সোমরাজ মাইতি।
জানা গেছে, সাইনার বিশেষ আবদারেই গোলাপি রঙের পোশাক পরে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন সোমরাজ। হাতে ছিল একটি উপহারের ব্যাগও। কেক কাটার পর প্রথমে মাকে এবং তারপর সোমরাজকে কেক খাইয়ে দেন সাইনা। দুজনের খুনসুটি আর কেক মাখামাখির মুহূর্তও নজর কেড়েছে উপস্থিত সকলের।
পর্দায় অনুভব ও লাজুর জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। অসমবয়সী প্রেমের গল্প হলেও, ধীরে ধীরে সেই সম্পর্ক দর্শকদের কাছেও আলাদা জায়গা করে নিয়েছে। আর বাস্তবেও দুজনের বয়সের ব্যবধান নিয়ে এখন শুরু হয়েছে নতুন চর্চা।
ইন্টারনেটে থাকা তথ্য অনুযায়ী, সোমরাজ মাইতির জন্ম ১৯৯৪ সালের ৪ এপ্রিল। সেই হিসেবে বর্তমানে তাঁর বয়স ৩২ বছর। অন্যদিকে সাইনা সদ্য ১৬ বছরে পা দিলেন। অর্থাৎ বাস্তবেও তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১৬ বছরের।
এদিকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী লোপামুদ্রা সিনহাও। ধারাবাহিকে তিনি সাইনার শাশুড়ির চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে তাঁদের সম্পর্ক বেশ মধুর। অনুষ্ঠান থেকে সাইনা ও সোমরাজের সঙ্গে ছবি পোস্ট করে মজার ছলে অনুরাগীদের উদ্দেশে বার্তাও দেন তিনি।
সব মিলিয়ে সাইনার জন্মদিনের অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল ‘অনুভব-লাজু’ অনুরাগীদের জন্য বিশেষ আকর্ষণ।
পিআর/টিকে