© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাতৃদিবসে মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার কথা বললেন কিয়ারা আদভানি

শেয়ার করুন:
মাতৃদিবসে মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার কথা বললেন কিয়ারা আদভানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ১০ মে, ২০২৬
মেয়ের জন্মের পর যেন একেবারে বদলে গিয়েছিল জীবন। চারপাশে তখন শুধু নবজাতককে ঘিরেই ব্যস্ততা। কখন ঘুমোচ্ছে, কী খাচ্ছে, কখন ডায়াপার বদলাতে হবে সবকিছুর মধ্যেই হারিয়ে যাচ্ছিলেন তিনি নিজেই। মাতৃদিবসে সেই কঠিন সময়ের কথাই অকপটে জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

গত বছরের জুলাই মাসে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। মা হওয়ার পর জীবনে যে বিরাট পরিবর্তন এসেছে, তা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, নতুন সন্তানের আগমনের পর পরিবারের সকলের নজর থাকে শিশুটির দিকে। কিন্তু সেই সময় সদ্য মা হওয়া একজন নারীর মানসিক অবস্থার দিকে খুব কম মানুষই খেয়াল করেন।



কিয়ারা জানান, সন্তান জন্মের পর প্রথম কয়েক মাস তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ছোট ছোট বিষয়েও কান্না পেত তার। কখনও মনে হতো নিজের পরিচয়টাই যেন বদলে যাচ্ছে। সেই পরিবর্তন মেনে নিতে গিয়ে বহুবার ভেঙে পড়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, সেই সময় তিনি এমন একজন মানুষকে পাশে চেয়েছিলেন, যিনি কোনও উপদেশ না দিয়ে শুধু তাঁর কথা শুনবেন।

মাতৃত্বের পর নিজের ভিতরের লড়াই নিয়েও খোলামেলা কথা বলেন কিয়ারা। তিনি জানান, দীর্ঘদিন ধরে নিজের জীবনকে অন্যদের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু মেয়ের জন্মের পর প্রথমবার নিজের জন্য বাঁচতে শিখেছেন। নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে তিনি নিজেকেই ছয় মাস সময় দিয়েছিলেন।

সিদ্ধার্থ মালহোত্রাকে সেই সময় খুব মিস করতেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, ঠিক কী কারণে এত আবেগপ্রবণ হয়ে পড়তেন তা বুঝতে পারতেন না। তবে জীবনের সেই অধ্যায় তাঁকে ভিতর থেকে বদলে দিয়েছে। এখন তিনি বিশ্বাস করেন, মাতৃত্ব শুধু আনন্দের নয়, একই সঙ্গে তা গভীর মানসিক চাপ এবং যন্ত্রণারও।

কিয়ারা মনে করেন, মাতৃত্ব-পরবর্তী মানসিক পরিবর্তন নিয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ একজন নারী যখন মা হন, তখন তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং অনুভূতির জগত পুরোপুরি বদলে যায়। আর সেই পরিবর্তনকে সময় দিয়ে গ্রহণ করাটাই সবচেয়ে জরুরি।

পিআর/টিকে

মন্তব্য করুন