তৃষা কৃষ্ণানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সঙ্গীতশিল্পী সুচিত্রা
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ১০ মে, ২০২৬
দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর থেকেই রাজনীতির পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনা তুঙ্গে। আর সেই আবহেই এবার সরাসরি তৃষা কৃষ্ণানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গায়িকা সুচিত্রা। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তামিল বিনোদন জগতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে স্নিগ্ধ সাজে উপস্থিত ছিলেন তৃষা কৃষ্ণান। সেই মুহূর্তের ছবি ও উপস্থিতি ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে, ঠিক তখনই তৃষাকে লক্ষ্য করে কটাক্ষ ছুঁড়ে দেন সুচিত্রা। তিনি তৃষাকে ‘পরজীবী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, সফল মানুষেরা যখন জীবনের কাছের মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখনই তাঁদের জীবনে এমন সুযোগসন্ধানীদের প্রবেশ ঘটে।

সুচিত্রার বক্তব্য অনুযায়ী, বিজয়কে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, তবে তৃষাকে একেবারেই পছন্দ করেন না। তাঁর দাবি, বিজয়ের রাজনৈতিক উত্থানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণও জড়িয়ে আছে এবং এই পরিস্থিতিতে তিনি তৃষার উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন না।
গায়িকার মতে, বিজয় বর্তমানে পরিবার থেকে কিছুটা দূরে অবস্থান করছেন এবং এমন সময়ে তার পাশে থাকা উচিত ছিল পরিবারের সদস্যদের, বিশেষ করে তার বাবার। তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পরিবারের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি ও তার সাজসজ্জা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছিল। অনেকেই সেই উপস্থিতিকে শুধুই বন্ধুত্বপূর্ণ ও আনুষ্ঠানিক বলেই দেখছেন। তবে সুচিত্রার মন্তব্য নতুন করে তৃষা ও বিজয়কে ঘিরে চলা সম্পর্কের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত তৃষা কৃষ্ণন বা বিজয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দক্ষিণী বিনোদন জগতে এই মন্তব্য নিয়ে চর্চা এখন তুঙ্গে।
পিআর/টিকে