© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী

শেয়ার করুন:
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ১০ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে যাতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজেদের তুলে ধরতে পারে এ জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে। পার্বত্য অঞ্চল থেকে আরো ঋতুপর্ণা তৈরি করতে পার্বত্য মন্ত্রণালয় ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখবে।

রবিবার (১০ মে) রাঙামাটির মারি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, ‘পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।

তাই প্রতিটি স্কুলে যাতে নিয়মিত সংগীত ও ক্রীড়ার চর্চা হয়, তার জন্য প্রতিটি স্কুলে সংগীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায়ও এগিয়ে নেওয়া হবে।’

দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য রাঙামাটি হচ্ছে খেলোয়াড় তৈরির একটি কারখানা। এই রাঙামাটি থেকে ইতিমধ্যে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে। আমার চাচাও একজন ক্রীড়াবিদ ছিলেন।

তিনি পাকিস্তান আমলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এ ছাড়া রাঙামাটি থেকে অংখ্য ক্রীড়াবিদ দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। আমাদের এই হারানো গৌরব ফিরিয়ে এনেছে রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা, আনাই মগিনীরা।’ তিনি স্কুলের শিক্ষকদের শিক্ষার পাশাপাশি খেলোয়াড় তৈরিতে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান।

এদিকে, চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বালিকা দলের খেলায় বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলে রাজস্থলীর তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।

এমআই/টিএ

মন্তব্য করুন