© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা দিবস‘মায়ের ভালোবাসা কোনো দূরত্ব মানে না, এমনকি স্বর্গও না’

শেয়ার করুন:
‘মায়ের ভালোবাসা কোনো দূরত্ব মানে না, এমনকি স্বর্গও না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ১০ মে, ২০২৬
বছরের প্রতিটি দিনই মায়ের, তবু ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ হয়ে আসে বিশ্ব মা দিবস। এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাতে নানা আয়োজন ও আবেগে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি ঘর।

আজ রবিবার (১০ মে) মা দিবসে মাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি প্রতীকী ছবি প্রকাশ করে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’

মা দিবসের দিনই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মায়ের জন্মদিন। মায়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন মা, আমার জীবনের রানি।’

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী তার মায়ের একটি পুরোনো ও দুর্লভ ছবি প্রকাশ করে স্মৃতিচারণা করেছেন। তিনি জানান, ১৯৯৫ সালে মহাখালীর বাসায় স্ত্রী মৌসুমীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তার মা-ই কাজি ডেকে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন। 

সেই স্মৃতির কথা মনে করে ওমর সানী লেখেন, সেখান থেকে আজ অবধি একসঙ্গে আছি, আলহামদুলিল্লাহ।

প্রয়াত মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, ‘বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা, আমি তোমাকে অনেক মিস করি। কণ্ঠশিল্পী কনকচাঁপা তার মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেন, ‘মা আমাদের এই পৃথিবীতে আসার দুয়ার হিসেবে ব্যবহৃত হয়েছেন স্বইচ্ছায় কিন্তু মৃত্যুযন্ত্রণা ভোগ করে। তাঁদের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। আল্লাহর কাছে শোকর গোজার করি যে আমার কোহিনূর আমার মা আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ৭৯ বছর বয়সেও।’ 

বিশেষ এই দিনে শবনম বুবলীকে একটি কাগজে বানানো ফুল উপহার দিয়েছেন তার ছেলে শেহজাদ খান বীর। সঙ্গে দিয়েছেন একটি চিরকুট, যাতে লেখা ‘প্রিয় মা, তোমাকে ভালোবাসি। সেই ফুল ও চিরকুটের ছবির প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘মা দিবসে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তুমিই আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছ, আমি তোমার কাছে ঋণী বাবা।’

সুনেরাহ বিনতে কামাল মাকে উদ্দেশ করে ভালোবাসাভরা বার্তায় লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি, তুমি ভরসা, তুমি ভালোবাসা। শুভ মা দিবস আম্মু।’

তমা মির্জা তার মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘মায়ের ভালোবাসা কোনো দূরত্ব মানে না, এমনকি স্বর্গও না। প্রত্যেক অসাধারণ মাকে জানাই সুন্দর মাতৃ দিবসের শুভেচ্ছা।’

অর্চিতা স্পর্শিয়া মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রতিদিনই মা দিবস, আর প্রত্যেক মা-ই প্রতিদিন সুখ পাওয়ার যোগ্য।’

লাক্স তারকা বিদুষী বর্ণিতা তার মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আগে মা দিবস আলাদা করে পালন করার ব্যাপারটা খুব একটা বুঝতাম না। মনে হতো যে প্রতিদিনই তো মা দিবস হওয়া উচিত। মাকে ভালোবাসলে সেটা শুধু একদিনের জন্য কেন? কিন্তু বড় হতে হতে বুঝেছি, জীবন খুব দ্রুত চলে। দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যায় যে অনেক সময় কাছের মানুষদের জন্য আলাদা করে কিছু করা, কিছু বলা বা শুধু একটু সময় নিয়ে পাশে বসাটাও হয়ে ওঠে না।

মনে মনে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলা আর হয় না। প্রতিদিনের ভালোবাসা তো আছেই, মা সেটা এমনিতেই বুঝে। কিন্তু তাও, সব ব্যস্ততা, সব চিন্তা, সব কিছুর মাঝেও একদিন হোক বা দুদিন, যেই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত আমাদের জন্য তারা কতটা গুরুত্বপূর্ণ! আমার কাছে সেই মানুষটা সবসময়ই আমার আম্মি। তাই প্রতিদিন তার সঙ্গে ছবি না দিলেও, আজকে না দিলেই হয় না।’


ইউটি/টিএ

মন্তব্য করুন