চরিত্রের জন্য নির্মেদ শরীর গড়ে বিপাকে অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ১০ মে, ২০২৬
বলিউড ও টেলিভিশন জগতের গ্ল্যামার ঘেরা পর্দার আড়ালে শারীরিক গঠন নিয়ে চাপ ও মানসিক অস্বস্তির অভিজ্ঞতা নতুন কিছু নয়। সম্প্রতি সেই বাস্তব অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। নিজের কেরিয়ারের শুরুর দিকের এক ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানান, একটি জনপ্রিয় ছবির চরিত্রের জন্য তাঁকে কঠোরভাবে শরীর পরিবর্তনের চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল।
অভিনেত্রীর দাবি, সেই সময় ছবির চরিত্র অনুযায়ী তাকে নির্মেদ শরীর গড়ে তুলতে বলা হয়। ফটোশুটের সময়ই তার শারীরিক গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং আরও বেশি স্লিম হওয়ার পরামর্শ দেওয়া হয়। কেরিয়ারের স্বার্থে তিনি কঠোর ডায়েট ও কঠিন ব্যায়াম শুরু করেন। দীর্ঘ সময় এই নিয়ম মেনে চলার ফলে তাঁর শরীরে শারীরিক জটিলতাও দেখা দেয় বলে জানান তিনি।
তানিশার কথায়, অতিরিক্ত শরীরচর্চা ও খাদ্যাভ্যাসে কড়াকড়ির কারণে তার হরমোনের ভারসাম্যে সমস্যা তৈরি হয়। কাজ শেষ হওয়ার পর হঠাৎ করেই শরীরের ওজন বাড়তে শুরু করে, যা তাকে আরও মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। পরে অনেক বছর ধরে ধীরে ধীরে জীবনযাপন ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তিনি নিজের শারীরিক অবস্থার উন্নতি করেন।
অভিনেত্রী আরও জানান, ওই সময়ে তিনি পুরোপুরি চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপে নিজের স্বাভাবিক জীবনযাপনও বদলে ফেলেছিলেন। তার মতে, বিনোদন জগতে অনেক সময়ই অভিনেতা অভিনেত্রীদের শরীর নিয়ে অযথা চাপ তৈরি করা হয়, যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের উপর।
তাঁর এই অভিজ্ঞতা সামনে আসতেই আবারও আলোচনায় এসেছে বিনোদন দুনিয়ায় শরীর নিয়ে চাপ ও মানসিক প্রভাবের বিষয়টি। অনুরাগীরা তাঁর সাহসিকতার প্রশংসা করছেন এবং এই ধরনের অভিজ্ঞতা প্রকাশ্যে আনার জন্য সমর্থন জানাচ্ছেন।
আইকে/টিএ