© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমবাপ্পেকে ছাড়াই এল ক্লাসিকো, রিয়ালে নতুন বিতর্ক

শেয়ার করুন:
এমবাপ্পেকে ছাড়াই এল ক্লাসিকো, রিয়ালে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ১০ মে, ২০২৬
মৌসুমের শেষ এল ক্লাসিকোয় খেলা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। পেশির টানজনিত চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে রোববারের (১০ মে) হাই ভোল্টেজ ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের স্কোয়াডে রাখা হয়নি এই ফরাসি ফরোয়ার্ডকে। ফেদেরিকো ভালভার্দে ও অঔরেলিয়ে চৌয়ামেনির মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এটি মাদ্রিদের জন্য নতুন আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ফরাসি এই তারকা গত ২৪ এপ্রিল বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন। শনিবারের (৯ মে) তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারেননি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে তাকে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে।

চোটের বিষয়টি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। পুনর্বাসনের মাঝেই তিনি নিজের সঙ্গী, স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোকে নিয়ে ইতালির সার্দিনিয়া সফরে গিয়েছিলেন বলে সমালোচনার মুখে পড়েন।



এরই মধ্যে বৃহস্পতিবার (৭ মে) নতুন বিতর্ক শুরু হয়। সেদিন ভালদেবেবাসে ট্রেনিং কমপ্লেক্সে ভালভার্দে ও চৌয়ামেনির উত্তপ্ত কথাকাটাকাটির পর এমবাপ্পেকে হাসতে হাসতে সেখান থেকে বের হতে দেখা যায়। শুক্রবারও তার অনুশীলনে যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়।

কোচ আলভারো আরবেলোয়া অবশ্য ক্লাসিকোর আগে এই সফর ও আচরণের গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন। তার ভাষায়, অনুশীলনের পর একজন খেলোয়াড়কে হাসতে দেখা এবং সেটিকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া পরিস্থিতিকে বাড়িয়ে দেখানোর চেষ্টা। তিনি বলেন, সব মাদ্রিদ সমর্থকই জানেন, নিজের স্বপ্নের ক্লাবে খেলতে এমবাপ্পে কতটা ত্যাগ স্বীকার করেছেন।

শুক্রবার মেডিকেল পরীক্ষায় পাস করে এবং অনুশীলন সম্পন্ন করার পর মনে হয়েছিল তিনি হয়তো দলে ফিরবেন। কিন্তু শনিবার একইভাবে অনুশীলন করতে না পারায় শেষ পর্যন্ত তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

এমবাপ্পের পাশাপাশি আরও সাতজন খেলোয়াড় স্কোয়াডে নেই। ভালভার্দে লকার রুমে চৌয়ামেনির সঙ্গে সংঘাতের সময় পিছলে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। ফলে এই ম্যাচে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। গুরুতর চোটের কারণে রদ্রিগো আর এদার মিলিতাও পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। ফারল্যান্দ মেন্দিকে নিয়েও কোনো ভালো খবর নেই। ডান পায়ের বাইসেপস ফেমোরিসে চোট পাওয়ায় ছিটকে গেছেন আর্দা গুলেরও। ডান পায়ের ছোট আঙুলের ডিস্টাল ফ্যালানক্সে ফ্র্যাকচারের কারণে দানি কার্ভাহাল এবং কোচের সিদ্ধান্তে বাদ পড়েছেন দানি সেবায়োস।

তবে চৌয়ামেনি স্কোয়াডে আছেন। ক্লাবের পক্ষ থেকে তাকে ও ভালভার্দেকে ৫ লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। এদিকে, এক মাস পর দলে ফিরেছেন থিবো কোর্তোয়া। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ডান উরুর কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন