খেলা ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে: মিরাজ
ছবি: সংগৃহীত
১০:৪৭ পিএম | ১০ মে, ২০২৬
পেন্ডুলামের মতো দুলছে মিরপুর টেস্টের ভাগ্য। লড়াইয়ে কখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আবার কখনো পাকিস্তান। ফলে এককভাবে চালকের আসনে বসতে পারছে না কোনো দলই। তৃতীয় দিন শেষে রানের দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচটা যেকোনো দলই জিতে নেয়ার অবস্থায় আছে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজও জানালেন এমনটাই।
ম্যাচের প্রথম দিন ৪ উইকেটে ৩০১ রান করে চালকের আসনে থেকে দিন শেষ করে বাংলাদেশ। তবে পরের দিন ১১২ রানে বাকি ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরত আসে পাকিস্তান। ওইদিন ব্যাট হাতেও দাপট দেখায় সফরকারীরা। আজান আওয়াইসের ব্যাটে কেবল ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করে সফরকারীরা।
তৃতীয় দিনের শুরুটা ছিল আবার বাংলাদেশের। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের দাপটে এদিন ৫১ রান তুলতে ৪ উইকেট হারায় পাকিস্তান। ১ রানের ব্যবধানে সালমান আলী আঘার গুরুত্বপূর্ণ উইকেটটিও প্রায় পেয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বেরসিক নো বলের কারণে বাদ যায় সেই উইকেটটি।

ওই এক নো বলই পরবর্তীতে ভুগিয়েছে বাংলাদেশকে। ষষ্ঠ উইকেটে সালমান-রিজওয়ান মিলে করেন ১১৮ রানের জুটি। সালমান রিজওয়ানের জুটি ভাঙেন তাইজুল। ওই উইকেটের পর ৩৭ রানের মধ্যে অলআউট হয়ে যায় পাকিস্তান।
অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ এবং পাকিস্তান এককভাবে আধিতপত্য দেখালেও তৃতীয় দিনটা ছিল দুদলেরই৷ ফলে ৩ দিন পেরিয়ে গেলেও ম্যাচের ভাগ্য নিয়ে কিছুই বোঝার উপায় নেই।
মিরাজ এমন পরিস্থিতিকে বর্ণনা করেছেন 'ফিফটি-ফিফটি' পরিস্থিতি হিসেবে। তার মতে, এখান থেকে জয়টা নির্ভর করবে ভালো ব্যাটিংয়ের ওপর। ২৯০ থেকে ৩০০ রান ভালো স্কোর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচে দলের অবস্থান নিয়ে প্রশ্নে মিরাজ বলেন, 'এখনও ২ দিন বাকি আছে। ফিফটি—ফিফটি পরিস্থিতি আছে। আমরা অনেক বেশি লিড পাইনি। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মিরপুরে কত রান নিরাপদ এটা আপনি বলতে পারবেন না। তবে মিনিমাম একটা রান যেন করতে পারি যেটা বোলাররা ডিফেন্ড করতে পারে। আমার মনে হয় ২৯০ বা ৩০০ ভালো স্কোর হতে পারে এই উইকেটে। ৪-৫ নম্বর দিনে ব্যাটিং কঠিন হবে।'
মিরাজের মতে, উইকেট এখনও ভালো অবস্থায় আছে। তিনি মনে করছেন, চতুর্থ দিনেও খুব একটা খারাপ অবস্থা হবে না উইকেটের। উইকেট ভাঙতে শুরু করবে পঞ্চম দিনে। সেক্ষেত্রে বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে বলে ধারণা মিরাজের।
মিরাজ বলেন, 'আমার মনে হয় ৩ দিনই ভালো উইকেট ছিল। এখনও উইকেট ভালো। ৪—৫ নম্বর দিনে একটু তো কঠিন হবেই। একটা উইকেটে টানা খেলা হচ্ছে, ২ ইনিংস হয়েছে। ঐ দায়িত্ব নিয়েই ব্যাট করতে হবে। ৫ নম্বর দিনে যারা ব্যাট করবে… তারাই করবে। তাই অবশ্যই আমরা এডভান্টেজ পাব।'
বারবার ম্যাচের দিক পরিবর্তন নিয়ে মিরাজ বলেন, 'টেস্টে এটাই সৌন্দর্য, একসময় ভালো করব একসময় খারাপ করব। আমার কামব্যাকের সুযোগ থাকে। আমরা একসময় ব্যাটিংয়ে অনেক ভালো করছিলাম, আবার উইকেট পড়ে গেছে। ওরা ব্যাটিংয়ে ২০০ রান করেছে ১ উইকেটে, এরপর ২৫ রানের মধ্যে ৪ উইকেট। এটাই টেস্ট ক্রিকেটে হয়। যারা ভুল কম করবে তারাই এগিয়ে থাকবে। কিছু জায়গায় আমাদের ভুল ছিল, তবে ভালোভাবে কামব্যাক করেছি।'
আইকে/টিএ