শেষ ওভারের নাটকে মুম্বাইকে ২ উইকেটে হারিয়ে প্লে-অফের পথে বেঙ্গালুরু
ছবি: সংগৃহীত
০২:৩৩ এএম | ১১ মে, ২০২৬
রোমাঞ্চে ভরা এক ম্যাচে শেষ বলে জয় তুলে নিয়ে প্লে-অফের পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোববার (১০ মে) রায়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা। একই সঙ্গে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিদায়ও নিশ্চিত হয়েছে আইপিএলের প্রথম পর্ব থেকেই।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। মাত্র ৩৯ রানে হারায় ৩ উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। দেবদূত পাডিক্কাল, রাজাত পাতিদার ও জ্যাকব বেথেলও ব্যর্থ হন।
দলের বিপর্যয়ের মধ্যে একাই লড়াই চালিয়ে যান ক্রুনাল পান্ডিয়া। ক্রাম্প নিয়েও ৪৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছক্কা। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার সময় বেঙ্গালুরুর দরকার ছিল ১২ বলে ১৮ রান।

১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করেন বুমরাহ। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে শেষ করেন তিনি। তবে শেষ ওভারে চাপ সামলাতে পারেননি তরুণ পেসার রাজ বাওয়া। ওয়াইড, নো বল ও অতিরিক্ত রান দিয়ে ম্যাচ বের করে দেন প্রতিপক্ষকে।
শেষ বলে দরকার ছিল ২ রান। নাটকীয় রানআউটে বাঁচার পর দ্বিতীয় রান সম্পন্ন করে জয় নিশ্চিত করেন বেঙ্গালুরুর ব্যাটাররা।
এর আগে মুম্বাইয়ের হয়ে তিলক বর্মা ৫৭ ও নামান ধির ৪৭ রান করেন। আর বল হাতে ২৩ রানে ৪ উইকেট নেয়ার পাশাপাশি শেষ ওভারে গুরুত্বপূর্ণ ছক্কা হাঁকিয়ে ম্যাচসেরা হন ভুবনেশ্বর কুমার।
এসকে/টিএ