© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুয়া কর্মকর্তা সন্দেহে ভ্যাট পরিদর্শককে মারধর

শেয়ার করুন:
ভুয়া কর্মকর্তা সন্দেহে ভ্যাট পরিদর্শককে মারধর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ এএম | ১১ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া কর্মকর্তা সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ী ও তার কর্মচারীদের বিরুদ্ধে। এতে ওই সরকারি কর্মকর্তার ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৯ মে) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই পরিদর্শককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম শনিবার দুপুরে দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি নিজের পরিচয় দিয়ে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে ভ্যাট পরিদর্শক আসায় এবং তার আচরণ নিয়ে ব্যবসায়ী হাবিবুরের মনে সন্দেহ তৈরি হয়।

একপর্যায়ে সাইফুল ইসলামকে ‘ভুয়া’ কর্মকর্তা আখ্যা দিয়ে হাবিবুর ও স্থানীয়রা মিলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এ সময় ওই কর্মকর্তাকে বাঁচাতে সবুজ মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে গেলে তাকেও মারধর করেন হাবিবুর ও তার সমর্থকরা।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে সাইফুল ইসলাম চিকিৎসা নিতে এসেছিলেন। তার ডান হাতের কনুইয়ের ওপরের অংশ ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

মুঠোফোনে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, হাবিবুর রহমানের দুটি প্রতিষ্ঠান রয়েছে। একটি ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ ও অন্যটি ‘ব্রাদার্স ইন্টারন্যাশনাল’।

শনিবার দুপুরে তিনি ওই দোকানে গিয়ে ভ্যাটের নিবন্ধন আছে কি না, তা জানতে চান। কাগজপত্র দেখতে চাইলে হাবিবুর বলেন, ‘শনিবার বন্ধের দিনে কিসের অফিস? আপনি সরকারি কর্মকর্তা, নাকি ভুয়া?’ নিজের পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর কয়েকজন কর্মচারী নিয়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হাত ভেঙে দেন।

ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুল গনি জানান, সাইফুল ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। রাজস্ব বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত সাইফুলের হাতের কনুইয়ে অস্ত্রোপচার করতে হবে। তিনি আরও জানান, সোমবার (১১ মে) বাঞ্ছারামপুরে সশরীরে উপস্থিত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সাইফুল।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, আহত কর্মকর্তা বা তাদের পক্ষ থেকে সোমবার থানায় অভিযোগ দায়ের করা হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন