এবার জিৎ-এর পোস্টে ‘সোনার বাংলা’ গড়ার ইঙ্গিত
ছবি: সংগৃহীত
০৯:৩০ এএম | ১১ মে, ২০২৬
বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন টলিউড অভিনেতা জিৎ। দীর্ঘদিন ধরেই নিজেকে ‘অরাজনৈতিক’ বলেই পরিচয় দিয়ে এসেছেন তিনি। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে অভিনেতার একটি দীর্ঘ পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও জল্পনা।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর থেকেই জিৎকে নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছিল। সেই জল্পনায় আরও ঘি ঢালে তাঁর সাম্প্রতিক পোস্ট। সেখানে বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট হতাশা প্রকাশ করতে দেখা যায় অভিনেতাকে। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব, সংস্কৃতি, শিক্ষা ও অস্মিতাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক।

যদিও পোস্টের কোথাও সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম নেননি তিনি, তবু গোটা লেখাজুড়ে নতুন সরকারের প্রতি সমর্থনের ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন অনেকে। জিৎ লিখেছেন, এই জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, মানুষের প্রতি এক বড় দায়িত্বও বয়ে এনেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘গ্যারান্টি’র উপর মানুষের আস্থার কথাও তুলে ধরেন তিনি।
অভিনেতার আশা, নতুন সরকার পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনবে এবং রাজ্য আবারও ‘সোনার বাংলা’ হয়ে উঠবে। পোস্টের শেষে ‘জয় হিন্দ’ লেখেন তিনি। আর তার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এত স্পষ্ট রাজনৈতিক বার্তার পরও নিজেকে ‘অরাজনৈতিক’ বলা কতটা সম্ভব।
টলিউডের অন্দরেও জিতের এই অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। কেউ মনে করছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অভিনেতার অবস্থানও বদলাচ্ছে। আবার কারও মতে, সমাজ ও রাজ্য নিয়ে নিজের ভাবনার কথাই তুলে ধরেছেন তিনি। তবে একটি পোস্টেই যে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জিৎ, তা বলাই যায়।
পিআর/টিকে