© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টলিউডের আর্টিস্ট ফোরাম থেকে সরে দাঁড়ালেন দিগন্ত!

শেয়ার করুন:
টলিউডের আর্টিস্ট ফোরাম থেকে সরে দাঁড়ালেন দিগন্ত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ এএম | ১১ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে আবারও আলোচনায় টলিউডের সংগঠন রাজনীতি। এবার দিগন্ত বাগচীর পদত্যাগ ঘিরে সরগরম বিনোদন মহল। আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যদিও তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনও সংগঠনের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।

রবিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় আর্টিস্ট ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ সংগঠনের একাধিক সদস্য। সূত্রের খবর, সেই বৈঠকেই দিগন্তর ইস্তফা নিয়ে আলোচনা হয়েছে।



হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা। রাজনৈতিক চাপের কারণেই কি তিনি সরে দাঁড়ালেন? যদিও সেই জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছেন দিগন্ত। অভিনেতার দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সম্পর্ক নেই।

এক সাক্ষাৎকারে দিগন্ত জানান, গত ৮ ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের ভোটের পর থেকেই তাঁর মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ সংগঠনের মোট সদস্যের দুই-তৃতীয়াংশ ভোট দিতে আসেননি। সেই পরিস্থিতিতে জয় পেলেও তিনি মানসিকভাবে স্বস্তিতে ছিলেন না। তাই ফেব্রুয়ারিতেই প্রথমবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে জানান অভিনেতা।

তবে সেই সময় সংগঠনের সিনিয়র সদস্যরা তাঁকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেন। দিগন্তর কথায়, নতুন কমিটি গঠনের পরই রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অন্যরা তাঁকে এখনই এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই তখন পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

অভিনেতা আরও জানান, পরবর্তী সময়ে নানা বিতর্ক ও ঘটনাপ্রবাহের কারণে বিষয়টি আর এগোয়নি। তবে শনিবার রাতে আচমকাই ফের সিদ্ধান্ত নেন এবং ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

সম্প্রতি দিগন্তকে ঘিরে আরও একটি অভিযোগ ছড়িয়ে পড়েছিল। শোনা যায়, ৪ তারিখের পর তিনি নাকি আর্টিস্ট ফোরাম ভেঙে দেওয়ার মন্তব্য করেছিলেন। যদিও এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি কখনও এমন কথা বলেননি। কেউ দাবি করলে তার প্রমাণও দিতে হবে।

তবে পদ ছাড়লেও সংগঠনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করছেন না দিগন্ত। তিনি জানিয়েছেন, কার্যকরী সমিতির সদস্য না থাকলেও সাধারণ সদস্য হিসেবেই আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত থাকবেন।

পিআর/টিকে


মন্তব্য করুন