মা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া
ছবি: সংগৃহীত
১০:২৪ এএম | ১১ মে, ২০২৬
মাতৃদিবসে আবেগঘন এক মুহূর্ত ভাগ করে নিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। নিজের মাতৃত্বের অভিজ্ঞতা, সন্তানের জন্মের প্রথম মুহূর্ত আর মায়ের প্রতি নতুন করে অনুভূতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি।
রবিবার নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও প্রকাশ করেন শ্রেয়া। সেখানে দেখা যায়, তাঁর দল তাঁকে মাতৃদিবস উপলক্ষে বিশেষ একটি উপহার দেয়। সেই উপহার খুলতেই সামনে আসে ছেলে দেবয়ানর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি। ছোট্ট দেবয়ানের জন্ম থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠার একগুচ্ছ স্মৃতি যেন ফিরে আসে সেই অ্যালবামে।

ভিডিওতে আবেগঘন কণ্ঠে শ্রেয়া বলেন, তাঁর ছেলে যখন পৃথিবীতে আসে, তখন এতটাই ছোট ছিল যে এখনও সেই মুহূর্ত চোখে ভাসে। সন্তানের জন্মের সময়ের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে গায়িকা জানান, শিশুটিকে যখন পৃথিবীতে আনা হয় এবং প্রথম কান্নার শব্দ শোনেন, সেই মুহূর্তেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে সেই প্রথম কান্নাই তাঁর জীবন বদলে দেয়।
গায়িকার কথায়, পরে যখন শিশুটিকে তাঁর মুখের কাছে এনে রাখা হয়, তখন ছোট্ট হাত আর কান্নাভেজা মুখ দেখে তিনি এক অন্যরকম অনুভূতির মধ্যে চলে যান। সেই মুহূর্ত আজও তাঁর কাছে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি।
মা হওয়ার পর নিজের মায়ের প্রতিও অনুভূতি বদলে গেছে বলে জানান শ্রেয়া। তাঁর কথায়, আগে মাকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু মা হওয়ার পর বুঝতে পেরেছেন একজন মা সন্তানের জন্য ঠিক কতটা অনুভব করেন। মা ও সন্তানের সম্পর্ককে তিনি ‘স্বর্গীয় বন্ধন’ বলেও উল্লেখ করেন।
সমাজমাধ্যমে দেওয়া বার্তায় শ্রেয়া সকল মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান। পাশাপাশি নিজের মায়ের প্রতিও জানান গভীর ভালোবাসা। তিনি লেখেন, একজন মা-ই সেই মানুষ, যিনি সন্তানকে পৃথিবীতে আনেন এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাকে আগলে রাখেন।
শ্রেয়ার এই আবেগঘন ভিডিও ইতিমধ্যেই অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। অনেকেই গায়িকার অনুভূতির সঙ্গে নিজেদের মাতৃত্বের স্মৃতি মিলিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
পিআর/টিকে