© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা হারানোর দিনে শিরোপা জয় করলেন হ্যান্সি ফ্লিক

শেয়ার করুন:
বাবা হারানোর দিনে শিরোপা জয় করলেন হ্যান্সি ফ্লিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ এএম | ১১ মে, ২০২৬
জিতলেই লা লিগা জয়। নু ক্যাম্পে রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে এই হাতছানির পর বিষণ্ন মনে ডাগআউটে দাঁড়িয়েছিলেন হ্যান্সি ফ্লিক। কিছুক্ষণ আগেই যে বাবা হারান তিনি।

রিয়াল মাদ্রিদকে হারিয়েই বার্সেলোনা শিরোপা জিতেছে। মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে বার্সার জয় ২-০ ব্যবধানে। এটা ফ্লিকের দ্বিতীয় লা লিগা শিরোপা। আগের মৌসুমেও তিনি ট্রফিটির স্বাদ নিয়েছিলেন।

শিরোপা জয় ও বাবা হারানোর এই দিনটিকে কখনও ভুলতে পারবেন না বলে জানালেন ফ্লিক। লা লিগা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিক বলেন, ‘আমি এই দিনটি কখনও ভুলব না। শুরুটা কঠিন ছিল। আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার দল অসাধারণ, এটি যেন একটি পরিবার।’



সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এল ক্লাসিকোয় খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। কিক-অফের আগে ফ্লিকের বাবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সময় টাচলাইনে ফ্লিককে আবেগাপ্লুত দেখা যায়।

তবে মাঠে দল তাকে আনন্দের উপলক্ষ এনে দেয়। ফ্লিক বলেন, ‘আজ তারা সবকিছু উজাড় করে দিয়েছে। আমি সমর্থকদের নিয়ে গর্বিত। এই স্টেডিয়ামে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে জিতে লা লিগা শিরোপা পাওয়া অসাধারণ অনুভূতি। এটা সহজ ছিল না। সবাই ভাবছিল আমরা জিততে পারি, কিন্তু রিয়াল দুর্দান্ত দল। আমরা খুব ভালো খেলেছি এবং সঠিক সময়ে গোল করেছি।’

এখন জার্মান এই কোচের সামনে রয়েছে মৌসুমটিকে আরও স্মরণীয় করে তোলার সুযোগ। বাকি তিন ম্যাচে জয় পেলে বার্সেলোনা লা লিগার ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জন করবে। পাশাপাশি এক মৌসুমে নিজেদের ১৯টি হোম ম্যাচের সবগুলো জেতা প্রথম দল হওয়ার কীর্তিও গড়তে পারে।

এমআই/টিকে 

মন্তব্য করুন