© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে বাবা ও ৩ ছেলে দগ্ধ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে বাবা ও ৩ ছেলে দগ্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ১১ মে, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. ফারুক জানান, একতলা ভবনটিতে ভাড়া থাকেন আব্দুল কাদেরের পরিবার। তার তিন ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস। সকালে তাদের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ জেগে ওঠে। তখন সবাই দৌঁড়ে গিয়ে দেখেন, ওই বাড়িটির দরজা, জানলা ভেঙে পড়েছে। ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় একে একে তাদের বের করে আনা হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, ওই বাসার গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রসার থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এটি কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। জানা যায়, আব্দুল কাদের অটোরিকশাচালক। আর তার ছেলে মেহেদি হালিম বিক্রেতা, সাকিব একটি কারখানায় কাজ করে এবং রাকিব চটপটি বিক্রি করেন। ঘটনার সময় ৩ ছেলে ও বাবা ঘুমিয়েছিলেন। আর তাদের মা রান্নার কাজের জন্য পানি সংগ্রহ করতে ঘরের বাইরে ছিলেন। তখনই এ দুর্ঘটনা ঘটলে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

এদিকে, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮, সাকিবের ১৭ ও রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থাই গুরুতর। ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।



ইউটি/টিএ

মন্তব্য করুন