দু’টি দলেরই প্রার্থী হওয়ার প্রস্তাব ছিল: তথাগত মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত
১১:৪৯ এএম | ১১ মে, ২০২৬
বাংলা বিনোদন ও রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনায় পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজ, ইন্ডাস্ট্রি ও রাজনৈতিক প্রস্তাব নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।
বর্তমানে ছোটপর্দার একটি ধারাবাহিকেও অভিনয় করছেন তথাগত। তবে নিজে ধারাবাহিক বা সিরিজ দেখার অভ্যাস নেই বলেও জানান তিনি। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে চলা কনটেন্ট অনেক সময় একঘেয়ে মনে হয়। যদিও তিনি স্পষ্ট করে দেন, এই মতামত কোনোভাবেই ধারাবাহিক বা দর্শকদের প্রতি অসম্মান নয়।

সাক্ষাৎকারে শিল্পী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়র প্রসঙ্গও উঠে আসে। সেই প্রসঙ্গে তথাগত জানান, ব্যক্তিগত জীবনের কোনো ঘটনার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে তিনি অনিচ্ছুক। একইসঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ ও মেকআপ রুম শেয়ার করার স্মৃতিও তুলে ধরেন তিনি।
ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে পরিচালক বলেন, সব ধরনের নিয়ম মানলেও অনেক সময় অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটতে পারে। তবে তাঁর মতে, শিল্পীদের মূল দাবি হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা অর্থের থেকেও যা বেশি গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক পালাবদল নিয়ে প্রশ্ন করা হলে তথাগত জানান, পরিবর্তন হলে ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু হতে পারে বলেই তিনি আশা করেন। তবে সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বরাবরই অনাগ্রহী।
সবচেয়ে চর্চিত অংশ ছিল তাঁর রাজনৈতিক প্রস্তাব সংক্রান্ত মন্তব্য। তথাগত স্পষ্ট করে বলেন, আগের শাসনকালে তাঁকে দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, তিনি রাজনীতির অংশ হতে চাননি এবং নিজের সৃজনশীল কাজেই থাকতে চেয়েছেন।
শেষে তিনি জানান, বর্তমানে বেশ কয়েকটি থিয়েটার ও চলচ্চিত্র প্রজেক্ট নিয়ে কাজ চলছে। পাশাপাশি নতুন ছবির চিত্রনাট্য লেখাও চলছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে রয়েছে পারিয়া টু।
পিআর/টিকে