কবে বিয়ে করছেন কনটেন্ট নির্মাতা কিরণ-অন্তরা?
ছবি: সংগৃহীত
০১:১৪ পিএম | ১১ মে, ২০২৬
বাংলার জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম কিরণ দত্ত, যিনি ‘বং গাই’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রেমিকা অন্তরা মজুমদারকে ঘিরে নানা আলোচনা প্রায়ই উঠে আসে সমাজমাধ্যমে। অন্তরা আবার ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ নামেও বেশ জনপ্রিয়।
সম্প্রতি কলকাতায় আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন কিরণ ও অন্তরা। সেখানেই ক্যামেরার সামনে তাঁদের বিয়ের প্রসঙ্গ উঠতেই শুরু হয় নতুন চর্চা।
অনুষ্ঠানে ছবি তোলার পর এক আলোকচিত্রী কিরণের কাছে জানতে চান, কবে বিয়ে করছেন তাঁরা? উত্তরে কিরণ হেসে বলেন, “এই বছর…”। যদিও পর মুহূর্তেই কথার মোড় ঘুরিয়ে মজার ছলে অন্য প্রসঙ্গে চলে যান তিনি। তবে তাঁর মুখের হাসি ও ভঙ্গিতেই স্পষ্ট ছিল, পুরো বিষয়টাই ছিল হালকা মজার ছলে বলা।

দীর্ঘদিন ধরেই একসঙ্গে রয়েছেন কিরণ ও অন্তরা। বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, পুজোর আড্ডা প্রায় সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। এমনকি কিরণের পরিবারের সঙ্গেও অন্তরার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ বলেই জানা যায়।
গত বছর কিরণের জন্মদিনে অন্তরার আবেগঘন পোস্টও বেশ আলোচনায় এসেছিল। সেখানে ভালোবাসা, সুখ ও একসঙ্গে পথ চলার নানা অনুভূতির কথা তুলে ধরেছিলেন তিনি।
শুধু ব্যক্তিগত জীবন নয়, কাজের ক্ষেত্রেও কিরণ দত্ত নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। মজার ভিডিও, সিনেমা রিভিউ থেকে সামাজিক নানা ইস্যুতে স্পষ্ট মত প্রকাশ সবকিছু মিলিয়ে তিনি এখন বাংলার ডিজিটাল দুনিয়ার অন্যতম পরিচিত মুখ।
বিয়ের প্রসঙ্গে তাঁদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সাম্প্রতিক মন্তব্যের পর অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
পিআর/টিকে