প্লাস্টিক সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি
ছবি: সংগৃহীত
০১:৫৩ পিএম | ১১ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে কিছুদিন আগেই তার প্লাস্টিক সার্জারির গুঞ্জন উঠেছিল, আর এবার এই বিষয়ে সরাসরি কথা বলেছেন কিয়ারা। ২০২১ সালে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে এসে ট্রোলিং, সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ এবং নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন কিয়ারা।
সেখানে এক ঘটনার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, একটি অনুষ্ঠানে যাওয়ার পর তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় নানা মন্তব্য ও প্লাস্টিক সার্জারি করিয়েছেসহ কত কী। কিয়ারা মজার ছলে বলেন, এত মানুষ যখন বলতে শুরু করল, তখন আমি নিজেই প্রায় বিশ্বাস করতে শুরু করেছিলাম যে আমি হয়তো সত্যিই নিজের মুখে কিছু করিয়েছি।

তবে ট্রোলিং নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না বলেও জানান তিনি। যদিও কখনও কখনও এসব মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করে। কিয়ারা বলেন, আমি বলি আমি এসব উপেক্ষা করি, কিন্তু এটা আসলে নিজেকে সুরক্ষিত রাখার একটা উপায়। মানুষকে সম্মান করা উচিত। কারণ তারকারাও মানুষ, তাদেরও অনুভূতি আছে।
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কিয়ারা আদভানি। তবে কিয়ারার ক্যারিয়ারের বড় মোড় আসে ২০১৬ সালের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে। সেখানে তার সহশিল্পী ছিলেন সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানি। এরপর ‘কবির সিং’, ‘ভারত আনে নেনু’, ‘বিনয়া বিদেয়া রামা’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
সূত্র: এনডিটিভি
পিআর/টিকে