মুখটা পুরো গোল্ডেন রিট্রিভারের মতো: সিদ্ধার্থ
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ১১ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে নিয়ে বরাবরই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। রাজকীয় সৌন্দর্য আর অভিনয়ের দক্ষতায় বহু আগেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে সঞ্জয়লীলা বনশালীর জনপ্রিয় সিরিজ ‘হীরামান্ডি’-তে তাঁর অভিনয় নতুন করে আলোচনায় নিয়ে আসে অভিনেত্রীকে। তবে এবার অভিনয় নয়, ব্যক্তিগত জীবনের এক মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে চর্চায় উঠে এলেন অদিতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই অনেকেই নাকি তাঁর মুখের গড়নের সঙ্গে বিড়ালের মিল খুঁজে পেতেন। এমনকি তাঁদের বাড়িতে থাকা পোষ্য বিড়াল ‘সুফি’র সঙ্গে তাঁকে দুই বোনের মতো দেখতে বলেও মন্তব্য করতেন অনেকে। সেই স্মৃতিচারণ করতে গিয়েই হেসে ফেলেন অভিনেত্রী।
তবে এই বিষয়ে একেবারেই ভিন্ন মত তাঁর স্বামী সিদ্ধার্থর। অদিতির কথায়, সিদ্ধার্থ মনে করেন তাঁকে মোটেও বিড়ালের মতো দেখতে নয়। বরং অভিনেত্রীর মুখের সঙ্গে নাকি গোল্ডেন রিট্রিভার কুকুরের মিল রয়েছে। স্বামীর এমন মন্তব্য নিয়েই এখন সরগরম নেটদুনিয়া। অনেকেই এই খুনসুটিকে দাম্পত্যের মিষ্টি মুহূর্ত বলেই মনে করছেন।
অদিতি জানান, পশুপাখির প্রতি তাঁর টান বরাবরের। বিশেষ করে বিড়ালের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে অভিনেত্রীর। বর্তমানে তাঁদের বাড়িতে রয়েছে দুই পার্সিয়ান বিড়াল। তাঁদের নিয়েই দিনের বেশিরভাগ সময় কাটে এই তারকা দম্পতির। কাজের সূত্রে বাইরে গেলে পোষ্যদের জন্য মন খারাপও হয় তাঁর।

অভিনেত্রীর কথায়, পোষ্যরা খুব সহজেই মানুষের অনুভূতি বুঝতে পারে। তাই বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেন তিনি। বিনোদন দুনিয়ার ব্যস্ততা বা চাপ যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে, সেদিকেও খেয়াল রাখেন অদিতি। তাঁর বিশ্বাস, বিড়ালের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। কারণ তারা সহজে কাউকে বিরক্ত করে না, আবার ভালোবাসাটাও ধীরে ধীরে তৈরি করে।
পিআর/টিকে