‘দ্য রয়্যালস’-এর দ্বিতীয় সিজনে থাকছেন না ভূমি
ছবি: সংগৃহীত
০৩:৫৬ পিএম | ১১ মে, ২০২৬
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে আবারও ফিরছে জনপ্রিয় সিরিজ ‘দ্য রয়্যালস’। তবে সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে না ভূমি পেডনেকরকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সিজন ঘিরে সমালোচনার পরই এই প্রজেক্ট থেকে বাদ পড়তে পারেন ভূমি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় সিজনে গল্পের মোড় ঘুরবে অন্যদিকে। এবার মূলত রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, রাজনীতি ও পারিবারিক জটিলতাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রথম সিজনে ঈশান খট্টর ও ভূমির রোমান্স ছিল গল্পের কেন্দ্রবিন্দুতে।
তবে নতুন পর্বে সেই প্রেমের গল্পকে আর এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে।
সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘আমরা প্রথম সিজনটি একটি অমীমাংসিত প্রেমের সম্পর্ক দিয়ে শেষ করেছিলাম। সেটিকে এগিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভূমির সঙ্গে কোনো মতবিরোধও হয়নি। নির্মাতারা দ্বিতীয় সিজনে গল্পটিকে স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে দিচ্ছেন।
’
প্রথম সিজনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ভূমি। এ বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘শোরগোল এতটাই বেড়ে গিয়েছিল যে, আমি আমার নিজের সৃজনশীল কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিলাম না।
যখন আপনাকে প্রতিদিন বলা হয়, আপনাকে আপনার নিজের মতো দেখতে লাগছে না, তখন তা আপনার ভেতরে প্রবেশ করতে শুরু করে। আমি অসাড় হয়ে গিয়েছিলাম।’
এদিকে, নতুন কয়েকটি প্রজেক্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন ভূমি।
শোনা যাচ্ছে, ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তিনি। এ ছাড়া খুব শিগগিরই দলদল ২-এর কাজও শুরু করতে পারেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত ‘দ্য রয়্যালস’-এ আরো অভিনয় করেছেন জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, বিহান সামত, ডিনো মোরিয়া ও মিলিন্দ সোমান। গত বছরের ৯ মে সিরিজটি মুক্তি পায়।
এবি/টিএ