ঈদের সিনেমা নিয়ে ধোঁয়াশা, আলোচনায় শুধু ‘রকস্টার’ ও ‘রইদ’
ছবি: সংগৃহীত
০৫:৩৬ পিএম | ১১ মে, ২০২৬
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর রেশ এখনো কাটেনি দেশের প্রেক্ষাগৃহে। বিশেষ করে ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্য এখনও আলোচনায়। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কিন্তু এবারের কোরবানির ঈদ ঘিরে দেশের সিনেমা অঙ্গনে দেখা দিয়েছে ভিন্ন এক চিত্র। যেখানে প্রতি ঈদেই গড়ে অর্ধডজন সিনেমা মুক্তির ঘোষণা আসে, সেখানে এবার এখন পর্যন্ত আলোচনায় রয়েছে মাত্র দুটি সিনেমা। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি দুই সিনেমা নিয়েই কাটবে এবারের ঈদ?
আসন্ন ঈদে প্রেক্ষাগৃহের বড় আকর্ষণ হতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে।
অন্যদিকে দর্শকদের কৌতূহলের কেন্দ্রে রয়েছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা প্রত্যাশা।
তবে ঈদের মুক্তির তালিকায় থাকা আরও কয়েকটি সিনেমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটির নাম শোনা গেলেও এখন পর্যন্ত নেই কোনো পোস্টার, টিজার কিংবা দৃশ্যমান প্রচারণা। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

একই অবস্থা বহু প্রতীক্ষিত ‘মাসুদ রানা’ সিনেমারও। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গত মাসে ট্রেলার প্রকাশের আভাস দিলেও এখন পর্যন্ত দেখা যায়নি নতুন কোনো আপডেট। ফলে সৈকত নাসির পরিচালিত সিনেমাটির ঈদে মুক্তি নিয়েও তৈরি হয়েছে সংশয়।
শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ সিনেমাটিও রয়েছে অনিশ্চয়তার তালিকায়। গত দুই ঈদ ধরেই মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে যাওয়া সিনেমাটি এবার আদৌ প্রেক্ষাগৃহে আসবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ সিনেমাপাড়াতেই। বিশেষ করে বুবলী বর্তমানে আড়ালে থাকায় সিনেমাটির প্রচারণাতেও দেখা যাচ্ছে বড় ধরনের ঘাটতি। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছরে দর্শকদের আবার হলমুখী করার যে ইতিবাচক ধারা তৈরি হয়েছিল, সিনেমার সংখ্যা কমে গেলে তাতে ভাটা পড়তে পারে। রোজার ঈদে যেখানে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে কোরবানির ঈদে মাত্র দুটি সিনেমার ওপর নির্ভর করা প্রেক্ষাগৃহ মালিকদের জন্যও বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। তবে শেষ পর্যন্ত শাকিব খানের ‘রকস্টার’ ও মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দিয়েই এবারের ঈদ মাতবে বলেই ধারণা করছেন অনেক দর্শক।
এসএন