অনুরাগীদের বিরক্ত করলে তা মেনে নেওয়া হবে না : দিলজিৎ
ছবি: সংগৃহীত
০৭:১৩ পিএম | ১১ মে, ২০২৬
পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট মানেই উন্মাদনা। তবে এবার সেই উন্মাদনায় বিতর্ক জড়িয়েছেন। বর্তমানে নিজের ‘অরা ট্যুর’ নিয়ে ব্যস্ত থাকা এই গায়কের কানাডার ক্যালগেরি কনসার্টে ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কথা বলেছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে দিলজিৎ লেখেন, ‘বাইরে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা আপনার অধিকার। কিন্তু যদি আপনি ভেতরে এসে আমার অনুরাগীদের বিরক্ত করেন, তবে তা মেনে নেওয়া হবে না। আমি নির্দিষ্ট কোনো পতাকা বা ব্যানারের বিরুদ্ধে নই, আমার আপত্তি কেবল আপনার বাজে উদ্দেশ্যের বিরুদ্ধে।’

গত সপ্তাহে ক্যালগেরির ওই কনসার্টে কিছু বিক্ষোভকারী খালিস্তানি পতাকা প্রদর্শন করছিলেন। সেই সময় মঞ্চ থেকেই দিলজিৎ ঘোষণা করেন, কেউ যতই পতাকা ওড়াক না কেন, সারা বিশ্বে পাঞ্জাবের নাম উজ্জ্বল করার মিশন তিনি থামাবেন না।
দিলজিৎ আরও জানান, কনসার্টে অনেক মানুষই নিজের পরিচয় বা সমর্থন জানাতে বিভিন্ন ধরনের পতাকা আনেন, যা নিয়ে তার কোনো ব্যক্তিগত আপত্তি নেই। কিন্তু একই ব্যক্তিরা যদি বাইরে দাঁড়িয়ে দর্শকদের গালিগালাজ করেন এবং ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তবে তা গ্রহণযোগ্য নয়। বিশৃঙ্খলাকারীদের কনসার্ট থেকে বের করে দিতে নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুই দিক থেকেই সমালোচনার শিকার হচ্ছেন দিলজিৎ। ভারতের একাংশ তাকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করছে, অন্যদিকে কট্টরপন্থীদের দাবি তিনি ‘বিশ্বাসঘাতক’। বিশেষ করে ‘কৌন বনেগা ক্রড়োরপতি’ অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করার পর থেকে তাকে নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়।
এসএন