© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ববিতা কেন আর বিয়ে করেননি?

শেয়ার করুন:
ববিতা কেন আর বিয়ে করেননি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ১১ মে, ২০২৬
বিশ্ব মা দিবস উপলক্ষে সম্প্রতি ‘মা পদক-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত।

চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে বড় করে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর নিজের জীবনের নানা সংগ্রাম, একাকিত্ব ও মাতৃত্বের গল্প তুলে ধরেন বরেণ্য এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।’ কথা বলতে গিয়ে স্বামীর মৃত্যুর পর কেন আর বিয়ে করেননি, সেই প্রসঙ্গও সামনে আনেন ববিতা।



১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় সাড়ে ছয় বছর পর, ১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি জন্ম হয় তাদের একমাত্র ছেলে অনিক ইসলামের। তবে সন্তানের বয়স যখন মাত্র তিন বছর, তখনই ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ববিতার স্বামী।

স্বামীর মৃত্যুর পর জীবনে নতুন করে অনেকেই আসতে চেয়েছিলেন বলে জানান ববিতা। পরিবার থেকেও বিয়ের জন্য চাপ ছিল। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই দ্বিতীয়বার সংসার না করার সিদ্ধান্ত নেন তিনি।

আবেগঘন কণ্ঠে অভিনেত্রী বলেন, ‘অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। এ ব্যাপারে পরিবারের সম্মতিও ছিল। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই মিশে গেলাম। আমি একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা—দুই ভূমিকাই পালন করেছি।

তিনি আরো বলেন, ‘আজ অনিক অনেক বড় হয়েছে। কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় প্রায়ই কানাডা যাই আমার অনিকের সংস্পর্শে থাকতে। অনিক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে। বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই।’

সর্বশেষে অভিনেত্রী বলেন, ‘আমি জানি না একজন মা হিসেবে আমি কতটুকু স্বার্থক। কিন্তু আমার সবটুকু আমার সন্তান অনিককে ঘিরে। আপনারা অনিক এবং আমার জন্য দোয়া করবেন।’

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ২৭৫টি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। দেশের খ্যাতিমান নির্মাতাদের পাশাপাশি সত্যজিৎ রায়ের সিনেমাতেও অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন