এইচপির স্পিন কোচ রাজ্জাক
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ১১ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স সেন্টারের স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। আগামী দুই বছরের জন্য রাজ্জাকের সাথে চুক্তি করেছে বিসিবি।
রাজ্জাক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিবিতে নির্বাচক হিসেবে কাজ শুরু করেন। পরে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালক হন।
অনিয়মের অভিযোগে বুলবুলের কমিটি বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালকের পদ হারিয়ে এখন কোচিং পেশায় জড়িয়ে যাচ্ছেন রাজ্জাক।

কোচের দায়িত্ব প্রসঙ্গে রাজ্জাক বলেন, সভাপতির সঙ্গে কথা হয়েছে। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে নিয়োগ পেলে কোচের চাকরিটা মনযোগ দিয়ে করতে চান রাজ্জাক। নির্বাচক থাকাকালেই কোচিং পেশার প্রতি আগ্রহ তৈরি হয় বলে জানান রাজ্জাক। ভবিষ্যতে জাতীয় দলের স্পিন কোচ হওয়ার স্বপ্ন এই সাবেক বাঁহাতি স্পিনারের।
প্রসঙ্গত, ২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় রাজ্জাকের। জাতীয় দলের হয়ে ১৫৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২০৭ উইকেট শিকার করেন তিনি। ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিকার করেন ৪৪ উইকেট আর ১৩ টেস্টে শিকার করেন ২৮ উইকেট।প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৬৩৪ উইকেট শিকার করেন রাজ্জাক। আর লিস্ট-এ ক্রিকেটে শিকার করেন ৪১২ উইকেট।
টিজে/টিএ