জোসে মরিনিও কী রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হতে পারেন?
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ১২ মে, ২০২৬
জোসে মরিনিও এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার আরও কাছাকাছি চলে এসেছেন। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পর্তুগিজ এই কোচ ‘লস ব্ল্যাঙ্কোস’- এর দায়িত্বে ছিলেন এবং ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ঘনিষ্ঠ। বর্তমানে বেনফিকার দায়িত্বে রয়েছেন মরিনিয়ো, যারা অপরাজিত লিগ অভিযান শেষ করার পথে রয়েছে।
জোসে মরিনিও রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হতে পারেন বলে ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা।
যদিও পর্তুগিজ এই কোচের দাবি, বেনফিকার মৌসুম এখনও শেষ না হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে কোনও আলোচনা করছেন না, তবে এই চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে নেপথ্যে কাজ চলছে বলে জেনেছে স্কাই স্পোর্টস নিউজ।
প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ২০১০ থেকে ২০১৩ সালের প্রথম মেয়াদ থেকেই মরিনিও- এর বড় ভক্ত এবং তাঁদের সম্পর্ক এখনও ঘনিষ্ঠ রয়েছে।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্লাবের মধ্যে, বিশেষ করে ড্রেসিংরুমে যে অস্থিরতা চলছে, তা থামাতে মরিনিয়োকেই পরবর্তী প্রধান কোচ হিসেবে চাইছেন পেরেজ।
অন্যদিকে, জোসে মরিনিও জানিয়েছেন, তিনি মৌসুমের বাকি অংশে বেনফিকাতেই মনোযোগ ধরে রাখবেন। দলটি স্পোর্টিং সিপির সঙ্গে দ্বিতীয় স্থান দখলের লড়াই করছে এবং সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের চেষ্টা করছে- সম্ভাব্যভাবে অপরাজিত মৌসুম শেষ করেই।
সোমবার রাতে ব্রাগার বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেন, একটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই, ফুটবলের দুনিয়ায় পেশাদাররা কোথাও যেতে চান কি না, সেটা আসল বিষয় নয়।

আমার মনে হয়, যখন এসব শুরু হয়- আমি কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলছি না, সাধারণভাবে বলছি- যখন খেলোয়াড়, কোচ বা পেশাদার ম্যানেজারদের নিয়ে কিছু ঘটে, তখন ক্লাবগুলিই আগ্রহ দেখায় এবং তারাই উদ্যোগ নেয়।
আমি এখনও রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলছি না, এবং আমি সত্যিই তা এড়িয়ে চলছি। প্রেসিডেন্ট বা ক্লাবের গুরুত্বপূর্ণ কারও সঙ্গে আমার কোনও যোগাযোগ হয়নি।
এটা পুরোপুরি আমার নিজের সিদ্ধান্ত। ক্যারিয়ারের অন্য সময়েও আমি এমন সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে মৌসুমের শেষ পর্যায়ে আমি কারও সঙ্গে আলোচনা করি না। তাই রিয়ালের সঙ্গে আমার কোনও যোগাযোগই হয়নি। এবং এস্তোরিলের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচের আগ পর্যন্তও কোনও যোগাযোগ হবে না। এরপর প্রায় এক সপ্তাহ সময় থাকবে, তখন আমি যাঁর সঙ্গে কথা বলতে চাই, তাঁর সঙ্গে কথা বলার স্বাধীনতা থাকবে।
আমি নিশ্চিত নই, তবে যেসব খবর বেরিয়েছে সবই জল্পনা।
এ বিষয়ে এক ভিডিওতে সাবেক রিয়াল মাদ্রিদ সভাপতি রমন কালদেরন বলেন, মরিনিও এখনও রিয়ালের চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি মনে করেন না। তাঁর মতে, মরিনিও আগে সমর্থকদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেন।
অন্যদিকে, মরিনিয়ো চলে গেলে বেনফিকার আগ্রহ রয়েছে ফুলহাম কোচ মারকো সিলভাকে নেওয়ার বিষয়ে। বর্তমানে দুই ম্যাচ বাকি থাকতে বেনফিকা দ্বিতীয় স্থানে রয়েছে। তারা এ মৌসুমে ২২টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং প্রাইমেইরা লিগে এখনও একটিও ম্যাচ হারেনি।
এসকে/টিকে