প্রশংসায় ভাসছেন নেইমার, বিশ্বকাপের মূল স্কোয়াডেও কী জায়গা পাবেন?
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ১২ মে, ২০২৬
সান্তোসের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নেইমার জুনিয়র। গত মৌসুমে ইনজুরি নিয়েও একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে তিনি ক্লাবটিকে অবনমনের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু তার ফিটনেস নিয়ে প্রশ্ন কাটছিল না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের স্কোয়াডে রাখা নিয়ে শর্ত জুড়ে দেন। তাই এই মুহূর্তে ক্লাবের সব ম্যাচের পুরোটা সময় খেলতে মরিয়া সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। মাঠে আলো ছড়িয়ে নেইমার প্রশংসাও কুড়াচ্ছেন।
ব্রাজিলিয়ান লিগ সেরি-আ’য় ব্রাগান্তিনোর বিপক্ষে গতকাল ২-০ ব্যবধানে সান্তোসের জয় পাওয়ার ম্যাচে এক গোল করেন নেইমার। যাতে ভর করে তিন ম্যাচ পর তার দল জয়ের দেখা পেল। একইসঙ্গে ১৫তম স্থানে উঠে গেল সান্তোস। এর আগে নেইমার বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে খবর দিয়েছিল দেশটির গণমাধ্যম। আনচেলত্তির প্রাথমিক বিবেচনায় থাকা এবং সাম্প্রতিক ফর্ম তার মূল স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও সম্ভাবনা তৈরি করেছে।
ম্যাচটিতে ৮২ মিনিট মাঠে ছিলেন নেইমার। এ ছাড়া ম্যাচজুড়ে তার নিবেদন ও পারফরম্যান্স দেখে প্রশংসা করেছেন সান্তোসের কোচ কুকা, ‘নেইমার খুব ভালো একটি ম্যাচ খেলেছে। বল সবসময় তার নিয়ন্ত্রণে ছিল, সুযোগ তৈরি করেছে এবং দারুণ পারফরম্যান্সের সুবাদে গোলও আদায় করে নেয় সে। অসাধারণ এক গোলের পাশাপাশি দ্বিতীয় গোলে পরোক্ষভাবে অবদান রেখেছে। এমন পারফরম্যান্সের পর যখন সে ক্লান্ত হয়েছে, গ্যাব্রিয়েল বারবোসা তার স্থানান্তরিত হয়।’
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের ৩৪ বছর বয়সী সর্বোচ্চ এই গোলদাতাও নিজের খেলায় সন্তুষ্ট। তিনি গ্লোবো স্পোর্তকে জানিয়েছেন, ‘স্কোর করতে পেরে আমি খুশি, দলের জয়ে অবদান রাখতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাঝে আমরা কিছু সময়ে জয় পাইনি।’ ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলে খেলা হয়নি নেইমারের। এসিএল- সহ নানা ইনজুরিতে ক্লাব ফুটবলে ফিরলেও পূর্ণ ফিট না থাকায় ব্রাজিলের জার্সিতে তার আর দেখা মেলেনি। তবে চতুর্থ এবং সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নে তিনি এখন বিভোর।

আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেন আনচেলত্তি। তার আগে নেইমার আরও দুটি ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামবেন। এখন পর্যন্ত দলটির হয়ে তিনি ১৩ ম্যাচ খেলে ৬ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। সর্বশেষ ম্যাচে তার পারফরম্যান্সকে ‘গত কয়েক মাসের মধ্যে সম্ভবত সবচেয়ে সেরা প্রদর্শনী’ বলে উল্লেখ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। তাদের দাবি- সান্তোস চাপে থাকলেই নেইমার ভালো ম্যাচ খেলেন। রেলিগেশন থেকে দলকে বাঁচাতে জয়ের বিকল্প নেই। এভাবে শেষ দুই ম্যাচেও একই ফর্ম দেখিয়ে তিনি আনচেলত্তিকে স্কোয়াডে তার নাম রাখার জন্য রাজি করিয়ে ফেলতে পারেন!
সেলেসাও এই তারকা সর্বশেষ ১৭ ম্যাচে ১১ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। যা তাকে আনচেলত্তির সুবিবেচনায় রাখতে ভূমিকা রেখেছে ঠিক, তবে সবকিছুর ওপরে নেইমারের ফিটনেস।
যতবারই তাকে দলে ফেরানোর প্রসঙ্গ উঠেছে প্রতিবারই ব্রাজিল কোচ সম্পূর্ণ ফিট থাকার ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন আনচেলত্তি, সেই দলে নেইমার আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।
এসকে/টিকে