পায়ে অস্ত্রোপচারের তারিখ ঠিক, তবু শুটিং ফ্লোরে অনন্যা!
ছবি: সংগৃহীত
০৭:৫৯ এএম | ১২ মে, ২০২৬
টলিউডের আলোঝলমলে দুনিয়ায় প্রতিদিনই নতুন ছবি, নতুন চরিত্র আর নতুন চমকের খবর আসে। তবে কিছু কিছু গল্প শুধু বিনোদনের মধ্যে আটকে থাকে না, ছুঁয়ে যায় মানুষের অনুভূতিকেও। ঠিক তেমনই এক গল্প এখন ঘুরছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিকে ঘিরে। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ মুক্তি পাবে আগামী ২৯ মে। রহস্য আর আবেগে মোড়া এই ছবিকে ঘিরে আগেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা ‘চলে যেও না’ গানটি যেন ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, এই গানেই বহুদিন পর একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অনন্যা।
ছবিতে তিনি অভিনয় করেছেন ‘পুতুল বাই’ চরিত্রে। একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যার অভিব্যক্তি, চোখের ভাষা আর নাচের প্রতিটি ভঙ্গিতে লুকিয়ে রয়েছে অজস্র না বলা অনুভূতি। পর্দায় তাঁকে দেখে কোথাও বোঝার উপায় নেই, সেই সময় বাস্তবে ভয়াবহ শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী।

জানা গেছে, শুটিংয়ের সময় অনন্যার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। অস্ত্রোপচারের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। এমন এক সময়েই আসে শিবপ্রসাদের ফোন। নতুন ছবির গুরুত্বপূর্ণ নৃত্য পরিবেশনার প্রস্তাব শুনেই নাকি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন অভিনেত্রী।
অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে তিনি ফিরে আসেন শুটিং ফ্লোরে। কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। পায়ের তীব্র যন্ত্রণা নিয়েই চলতে থাকে দীর্ঘ মহড়া। চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেও নিয়মিত অনুশীলনে অংশ নেন তিনি। নৃত্যশিল্পী সুস্মিতা মিশ্রের কাছে নতুন করে শিখতে শুরু করেন কত্থকের সূক্ষ্মতা ও ভঙ্গিমা।
শুটিং চলাকালীন প্রতিটি পদক্ষেপ যেন ছিল শরীরের সঙ্গে এক কঠিন লড়াই। ক্যামেরার সামনে তিনি হয়ে উঠেছেন নিখুঁত ‘পুতুল বাই’। অথচ শট শেষ হতেই ভেঙে পড়ত শরীর। এমন ঘটনাও ঘটেছে, যখন অতিরিক্ত ক্লান্তি আর যন্ত্রণায় প্রায় অচেতন হয়ে পড়েছিলেন অভিনেত্রী।
তবে শেষ পর্যন্ত হার মানেননি অনন্যা। দীর্ঘ বিশ্রাম, চিকিৎসা আর যত্নের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আর এখন ‘চলে যেও না’ গানে তাঁর নাচ দেখে মুগ্ধ দর্শকরা। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক শিল্পীর নিঃশব্দ যুদ্ধের গল্প।
এই ছবির মাধ্যমে যেন আরও একবার প্রমাণ করলেন অনন্যা চট্টোপাধ্যায়, অভিনয় আর শিল্পের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে যন্ত্রণাও অনেক সময় হার মেনে যায়।
পিআর/টিকে