© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌনীর পর সুরাজকে আনফলো করল দিশা, বাড়ল জল্পনা

শেয়ার করুন:
মৌনীর পর সুরাজকে আনফলো করল দিশা, বাড়ল জল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ পিএম | ১২ মে, ২০২৬
মৌনী রায় ও সুরাজ নাম্বিয়ারের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন নিয়ে যখন সরগরম বলিউড, তখন সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন দিশা পাটানী। সমাজমাধ্যমে একে অপরকে অনুসরণ করা বন্ধ করেছেন মৌনী ওসুরাজ এমন খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিচ্ছেদের জোর গুঞ্জন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।

তবে এর মধ্যেই নজরে এসেছে আরও একটি ঘটনা। মৌনীর ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানীও নাকি সমাজমাধ্যমে সুরাজ নাম্বিয়ারকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন। আর সেই ঘটনাকেই ঘিরে এখন নেটপাড়ায় নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, বন্ধুর পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দিশা। আবার কেউ কেউ মনে করছেন, এই পদক্ষেপ পরোক্ষে মৌনী-সুরাজের সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত বহন করছে।



সম্প্রতি সমাজমাধ্যম ঘেঁটে দেখা গিয়েছে, মৌনী ও সুরাজ দু’জনেই নিজেদের একসঙ্গে থাকা বেশ কিছু ছবি সরিয়ে ফেলেছেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। কারণ, বর্তমান সময়ে তারকাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের প্রথম ইঙ্গিত অনেক সময়ই সামনে আসে সমাজমাধ্যমের আচরণে বদল থেকে। এর আগেও একাধিক তারকা জুটির ক্ষেত্রে একই ঘটনা দেখা গিয়েছে।

যদিও মৌনী বা সুরাজ কেউই এখনও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, এখনও সব ছবি সরানো হয়নি। তাই সম্পর্ক পুরোপুরি ভেঙে গিয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছতে নারাজ অনেকে। বরং অনেকের আশা, সময়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে।

প্রসঙ্গত, করোনা অতিমারির সময় দুবাইয়ে  সুরাজ নাম্বিয়ারের সঙ্গে পরিচয় হয়েছিল মৌনী রায়ের। দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকাকালীন ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। ২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি দুই রীতিতেই বিয়ে সারেন তাঁরা। সেই সময় তাঁদের বিয়ের ছবি ও সম্পর্কের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছিল।

কিছু দিন আগেই মৌনীর মা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল বলিউডে। তার মধ্যেই আচমকা সমাজমাধ্যমে এই দূরত্ব নতুন করে প্রশ্ন তুলেছে তাঁদের সম্পর্ক নিয়ে। আর সেই জল্পনার মাঝেই দিশা পাটানীর এই পদক্ষেপ যেন আগুনে ঘি ঢালার কাজ করল।

পিআর/এসএন

মন্তব্য করুন