জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে নায়িকা
ছবি: সংগৃহীত
০১:৪৫ পিএম | ১২ মে, ২০২৬
জঙ্গলে সিনেমার প্রচারণায় গিয়ে বিপাকে পড়লেন রাকুল প্রীত সিং। নিজের নতুন সিনেমা ‘পতি পত্নী অউর ওহ ২’–এর প্রচারণায় ভারতের গির ন্যাশনাল পার্কে গিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল, পাশে দাঁড়িয়ে রয়েছে সাফারি গাড়ি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি থাকে না, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন? অনেকেই বিষয়টিকে ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলেও আখ্যা দেন।

বিতর্ক বাড়তে থাকলে শেষ পর্যন্ত মুখ খুলতে হয় বন বিভাগের কর্মকর্তাদের।
তাদের দাবি, ভাইরাল ভিডিওটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ধারণ করা হয়নি। এটি অভয়ারণ্যে প্রবেশের নির্ধারিত গেটের বাইরের অংশে শুট করা হয়েছিল।
এক বন কর্মকর্তা জানান, ‘আমরা আমাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আগেই বিষয়টি ব্যাখ্যা করেছি।
ভিডিওটি সাসান অভয়ারণ্যের প্রবেশপথের বাইরের এলাকায় ধারণ করা হয়েছে। সংরক্ষিত এলাকায় প্রবেশের পর কেউ গাড়ি থেকে নামতে পারেন না। ভাইরাল ভিডিওটি সেই সীমার বাইরের।’
বন বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়, নিয়ম ভাঙার কোনো ঘটনাই ঘটেনি।
বরং অসুস্থ হয়ে পড়ায় রাকুল তার সফর শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারেননি। অভয়ারণ্যে প্রবেশের আগেই শারীরিক অসুস্থতা অনুভব করলে তার দল তাকে নিয়ে ফিরে যায়। ফলে তিনি জঙ্গলের ভেতরে প্রবেশই করেননি।
তবে এই ব্যাখ্যার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক পুরোপুরি থামেনি। কারণ, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে তারকাদের উপস্থিতি সবসময়ই বাড়তি নজর কাড়ে।
ফলে রাকুলকে ঘিরে এই ঘটনাও নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রাকুল। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’। ছবিতে আরো অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বি। পরিচালনায় রয়েছেন মুদাসসর আজিজ।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘পতি পত্নী অউর ওহ’–এর সিক্যুয়াল হিসেবে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেশ তুঙ্গে। আর মুক্তির আগেই গির অরণ্যের ভাইরাল ভিডিও নতুন করে আলোচনায় এনে দিল রাকুল প্রীত সিংকে।
পিআর/এসএন