ক্যাসেমিরোর চোখে বেলই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ১২ মে, ২০২৬
গত দশকে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সাফল্যে মাঝমাঠের অন্যতম সদস্য ছিলেন ক্যাসেমিরো। মাদ্রিদের ক্লাবটির হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্যাসেমিরো। এর মধ্যে চারটিই জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে নিয়ে গড়া ঐতিহাসিক আক্রমণভাগের সময়। দীর্ঘ ক্যারিয়ারে সেরা অনেক ফুটবলারের সঙ্গেই খেলেছেন ক্যাসেমিরো। তাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার হিসেবে বেলকেই বেছে নিয়েছেন এই ব্রাজিলিয়ান।
সম্প্রতি রিও ফার্দিন্যান্দ প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার স্মরণ করেন রিয়াল মাদ্রিদের সেই সোনালি সময়কে, যখন ক্লাবটি ইউরোপীয় ফুটবলে অবিশ্বাস্য দাপট দেখিয়েছিল।
অনেকের চোখে রোনালদো ছিলেন দলের সবচেয়ে বড় তারকা, কারণ তার অসাধারণ গোল করার ক্ষমতা। তবে কাসেমিরোর মতে, বেলের বিশেষত্ব ছিল মাঠজুড়ে তার বহুমুখী অবদান। আক্রমণ, রক্ষণ, হেড, ফ্রি-কিক; সব জায়গাতেই বেল ছিলেন দুর্দান্ত। এই ব্রাজিলিয়ানের চোখে তার সতীর্থদের মধ্যে বেলই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার।
কাসেমিরো বলেন, 'ক্রিস্টিয়ানো গোল করে, ক্রিস্টিয়ানোর অন্তত ১৫টা গোল থাকবেই। কিন্তু বেল আক্রমণ করে, রক্ষণ সামলায়, হেডে গোল করে, ফ্রি-কিক নেয়। ক্রিস্টিয়ানো সেরা, সে ভিন্ন স্তরের খেলোয়াড়। কিন্তু তাকে আলোচনা থেকে সরিয়ে রাখলে, আমার কাছে বেলই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। কারণ সে আক্রমণ করতে পারে, রক্ষণ করতে পারে, হেডে গোল করতে পারে, ফ্রি-কিক নিতে পারে। সবকিছুই খুব ভালোভাবে করত। খুব দ্রুত, খুব শক্তিশালী। আমার কাছে সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।'

রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেল। ওয়েলশের এই উইঙ্গার ক্লাবটির হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬টি গোল করেছেন।
তবে এত সাফল্যের পরও মাদ্রিদের সমর্থকদের একটি অংশের সঙ্গে তার সম্পর্ক কখনো পুরোপুরি ভালো ছিল না। বিশেষ করে ক্যারিয়ারের শেষদিকে স্প্যানিশ মিডিয়া ও সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
পরে সেই সময় নিয়ে কথা বলতে গিয়ে বেল স্বীকার করেছিলেন, পরিস্থিতি হয়তো আরও ভালোভাবে সামাল দিতে পারতেন। তিনি বলেছিলেন, 'রিয়াল মাদ্রিদের জন্য আমি যা করেছি, সমর্থকদের কাছে সেটা যথেষ্ট ছিল না।
আমি কিছুটা জেদি ছিলাম এবং নিজেকে বদলাতে চাইনি। কিন্তু যদি পরিস্থিতিটা একটু ভালোভাবে সামলাতাম, তাহলে হয়তো মিডিয়া ও সমর্থকদের টার্গেট কম হতে হতো।'
৩৪ বছর বয়সী কাসেমিরোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির মেয়াদ আগামী মাসের শেষে শেষ হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ভবিষ্যতে তিনি ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ হতে পারেন।
টিজে/টিএ