কারিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে চলছে তোড়জোর
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ১২ মে, ২০২৬
সঞ্জয় কাপূরের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তিকে কেন্দ্র করে অশান্তি যেন থামছেই না। প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ ঘিরে কপূর পরিবারের ভেতরে শুরু হওয়া টানাপড়েন এবার পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। দীর্ঘ কয়েক মাস ধরে চলতে থাকা এই পারিবারিক বিরোধ এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় পরিস্থিতি এতটাই জটিল আকার নেয় যে বিচারপতি জে বি পারদিওয়ালা মন্তব্য করে বসেন, “আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, যেখানে মহাভারতও ছোট মনে হবে।” আদালতকক্ষে এই মন্তব্যের পরই আরও চর্চা শুরু হয় কপূর পরিবারের ভাঙনের গল্প নিয়ে।
এই সম্পত্তি বিতর্কের কেন্দ্রে রয়েছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কপূর। সঞ্জয়ের মা রানি কাপূর, তাঁর মেয়ে এবং করিশ্মা কাপূরের দুই সন্তান অভিযোগ তুলেছেন, প্রিয়া কপূর একাই পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের দাবি, সঞ্জয়ের আর্থিক সম্পদ ও পারিবারিক ট্রাস্টের উপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

৮০ বছর বয়সি রানি কপূর এ দিন সুপ্রিম কোর্টে নতুন আবেদনও জানান। তিনি আদালতের কাছে অনুরোধ করেছেন, মামলা চলাকালীন প্রিয়া কাপূর এবং তাঁর ঘনিষ্ঠ কয়েক জনকে যেন ‘আরকে ফ্যামিলি ট্রাস্ট’-এর কার্যক্রমে হস্তক্ষেপ করতে না দেওয়া হয়। রানির অভিযোগ, সুপ্রিম কোর্টের প্রক্রিয়া এড়িয়ে সঞ্জয়ের সংস্থার আর্থিক সম্পদ ও অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
অন্যদিকে কারিশ্মা কাপূরের দুই সন্তানও নিজেদের প্রাপ্য সম্পত্তির দাবিতে আইনি লড়াইয়ে নেমেছেন। পরিবার ঘিরে এই বিরোধ এখন শুধু সম্পত্তির প্রশ্নেই আটকে নেই, বরং সম্পর্কের টানাপড়েনও প্রকাশ্যে এনে দিয়েছে।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন ১৪ মে। সেই দিনের দিকেই এখন তাকিয়ে কপূর পরিবারসহ বলিউডের অনুরাগীরা।
এসএ/টিএ